বাবা-মায়ের কাছ থেকে নেয়া পকেট খরচ বা টিফিনের টাকা বাঁচিয়ে শতাধিক ছিন্নমূল ও দরিদ্র শ্রমজীবীদের ইফতর খাওয়ানোর কাজ করছে একদল শিক্ষার্থী।
গোপালগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর উদ্যোগে এই কার্যক্রম চালানো হয়। ২০১৮ সাল থেকে শুরু হওয়া এই উদ্যোগ প্রতিবছর রোজার শুরু থেকে শেষ দিন পর্যন্ত হয়ে আসছে, এবছরও তার ব্যতিক্রম নয়।
আজ বৃহস্পতিবার, রোজার প্রথম দিনে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার গোপালগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে ইফতার করানো হয়। শিক্ষার্থীরা নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে, পরিবার এবং পরিচিতজনদের থেকে সহযোগিতা নিয়ে রোজাদারদের ইফতারি করিয়ে থাকেন।প্রথম দিনে নিজেদের হাতে তৈরি খিচুড়ি, খেজুর, এবং সরবত দিয়ে ইফতারি করানো হয় ১০০ জন রোজাদারকে।
প্রথম রমজান থেকেই শুরু হয়েছে তাদের কার্যক্রম, যা পুরো রমজান মাস জুড়ে চলবে। ছিন্নমূল, হতদরিদ্র ও নিম্নআয়ের খেটে খাওয়া শতাধিক মানুষ প্রতিদিন বিনামূল্যে ইফতারি পেয়ে থাকেন।
