বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জ জেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কখনো কার্পন্য করবেন না’ বলে জানিয়েছেন গোপালগঞ্জ ৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) সংসদ সদস্য এসএম জিলানী
সোমবার বেলা ১২ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এসএম জিলানী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন গোপালগঞ্জ তার দেশেরই একটি জেলা। অন্য ৬৪ জেলার মতো সকল সুযোগ সুবিধা ভোগ করবে এই জেলা। গোপালগঞ্জ জেলার অধীনে টুঙ্গিপাড়া- কোটালীপাড়ায় ও কোন বৈষম্য থাকবে না। অন্য উপজেলার থেকে এখানে কোন উন্নয়ন কর্মকান্ড কম থাকবে না, অনেকাংশে বেশি আসবে বলে প্রধানমন্ত্রী বলেছেন।
গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী সরকারি কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন দ্বীপ জেলা নয়। তার মধ্যে টুঙ্গিপাড়া-কোটালীপাড়াও বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন উপজেলা নয়। অতএব আপনাদের ভাববার কোন কারন ও মনে কোন শঙ্কা আনার দরকার নেই। যে এখানে সঠিক ভাবে কাজ হবে কিনা। এই এলাকার যে উন্নয়নের ধারাটা রয়েছে এটাকে অব্যাহত রাখতে আমার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাবো।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন কথা দিচ্ছি আপনাদের পাশে থেকে এই টুঙ্গিপাড়া-কোটালীপাড়াকে একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত গড়ে তুলতে পারব বলে আমার বিশ্বাস।
এর আগে তিনি উপজেলা চত্বরে পৌছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। পরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এমপি এসএম জিলানী।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার ভূমি আল-আমিন হালদার, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
