গোপালগঞ্জে সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে সরকারের নির্বাচনী অঙ্গীকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১ এপ্রিল) সড়ক ও জনপথ অধিদপ্তরের গোপালগঞ্জ সড়ক বিভাগ চত্বরে বৃক্ষের চারা রোপন করে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এ কর্মসূচীর উদ্বোধন করেন।
পরে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম, সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হাসান, গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম পৃথকভাবে সেখানে বৃক্ষের চারা রোপন করেন।
পরে দেশ ও জাতির কল্যাণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ দোয়া- মোনাজাত করা হয়।
গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম বলেন, নির্বাচনী ইস্তেহারে সরকার ৫ বছরে ২৫ কেটি বৃক্ষ রোপনের অঙ্গীকার করেছিল।এজন্য সড়ক ও জনপথ অধিদপ্তরকে বৃক্ষ রোপনের টার্গেট দেওয়া হয়েছে।এরই অংশ হিসেবে আমরা এ কর্মসূচী শুরু করেছি।গোপালগঞ্জ সড়ক জোন থেকে এবছর ১৫ হাজার বৃক্ষ রোপন করা হবে।আগামী মে-জুনের মধ্যে আমরা বৃক্ষ রোপন করে ফেলবো।সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে ১৫ থেকে ২০ প্রজাতির বৃক্ষের চারা রোপণের জন্য সরবরাহ করা হয়েছে।এ কর্মসূচীর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।প্রকৃতি সবুজায়ন হলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করা সম্ভব হবে বলে এ কর্মকর্তা জানিয়েছেন।
