টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, ৯ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট নিয়ে বাংলাদেশের বড় বড় বিশ্লেষক, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা সমালোচনা করতে পারে নাই। কারন সাধারণ মানুষের কথা চিন্তা করে এই বাজেট ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী। বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্য, কৃষি পণ্য, হার্টের রিং সহ বিভিন্ন জিনিসের দাম কমানো হয়েছে শুধুমাত্র সাধারণ মানুষের জন্য।
জনকল্যাণমুখী ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে শুক্রবার বিকালে টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত গনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এস এম জিলানী বলেন, বিএনপির সরকার জনবান্ধব সরকার। জনগণের কল্যাণের কথা ভেবেই জনবান্ধব বাজেটটি ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশের ইতিহাসে বৃহৎ বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী বলেন, প্রধানমন্ত্রী বগুড়া জেলাকে যেভাবে দেখেন টুঙ্গিপাড়াকেও সেভাবে দেখবেন বলে কথা দিয়েছিলেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তার কথা রেখেছেন। অন্য ৬৩ জেলায় এই চার মাসে তেমন কোন উন্নয়ন বরাদ্দ দেয়া হয় নাই। কিন্তু প্রধানমন্ত্রী আমার নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় ১০০ কোটি টাকার বরাদ্দ দিয়েছেন উন্নয়ন কর্মকাণ্ড করার জন্য। সেই টাকা দুটি উপজেলায় ভাগ করে দিয়েছি।
তিনি গোপালগঞ্জ-৩ আসনের জনগণের উদ্দেশ্যে বলেন, শুধু দোয়া করবেন আমি যেন এলাকার উন্নয়ন কর্মকান্ডে নিজেকে বিলিয়ে দিতে পারি। উন্নয়ন বরাদ্দের একটি টাকাও যেন না খাই। শতভাগ সততার মধ্যে থেকে এলাকার মানুষের জন্য কাজ করতে পারি সেই দোয়া করবেন।
টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে গণসমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাসির হোসেন, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মোল্লা, পৌর বিএনপির সভাপতি ইমদাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
