গোপালগঞ্জের মুকসুদপুরের গ্রামে ঘরে তালা বদ্ধ করে আটকে রেখে দুই সন্তানের জননী স্ত্রী সোনিয়ার (২৫) হাত-পা বেঁধে ও মাথার চুল কেটে মধ্যযুগীয় কাদায় রাতভর নির্যাতন করেছে মাদকসেবী স্বামী নাজমুল শেখ(২৮)।
ঘটনাটি ঘটেছে সোমবার(১৩ জুলাই)রাতে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের গয়লাকান্দি গ্রামে। নির্যাতনকারী মাদকসেবী নাজমুল ওই গ্রামের নওয়াবালি শেখের ছেলে ও নির্যাতনের শিকার গৃহবধূ মুন্সীগঞ্জের চরমুসুরিয়া এলাকার লোকমান সরকারের মেয়ে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পুলিশ খবর পেয়ে গৃহবধূ ও দুই শিশু সন্তানকে উদ্ধার এবং নির্যাতনকারী স্বামী নাজমুলকে আটক করে।
স্থানীয়রা জানায়, মাদকসেবী স্বামী নাজমুল প্রায় নেশা করে তার স্ত্রী সোনিয়াকে মারধর করতো। এরই জের ধরে সোমবার রাতে কথাকাটাকাটির এক পর্যায়ে ঘর তালা বদ্ধ করে আটকে রেখে স্ত্রী সোনিয়ার হাত পা বেধে মাথার চুল কেটে দুই শিশু সন্তান আবু রায়হান (৮) ও আবু মুছার (৪) সামনে রাতভর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। পরে আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা গৃহবধূর চিৎকার শুনে এগিয়ে এসে পুলিশে খবর দিয়ে ঘরের তালা ভেঙ্গে নির্যাতনের শিকার গৃহবধূ ও দুই শিশু সন্তানদের উদ্ধার করে এবং পরে মাদকসেবী স্বামী নাজমুলকে আটক করে পুলিশ। এসময় আহত সোনিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
নির্যাতনের শিকার সোনিয়া জানায়, নেশা করে বাড়িতে এসে মাঝে মধ্যে আমাকে সামান্য বিষয় নিয়ে মারধরে করতো। সোমবার রাতে কথাকাটাকাটির এক পর্যায় আমার দুই শিশু সন্তানের সামনে আমাকে হাত পা বেধে চুল কেটে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে পিঠে কুপিয়ে জখম করেছে এবং রাতভর নির্যাতন করে। আমি এর বিচার চাই।
আটক নাজমুল জানায়, আমার স্ত্রী পালিয়ে যাওয়ার আশংকায় তাকে হাত পা বেধে ও চুল কেটে রেখেছি। যাতে সে না যেতে পারে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাতুব্বর জানায়, নাজমুল মাদকসেবী। সে প্রায় মাদক খেয়ে তার স্ত্রীকে মারধর করে।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আরঙ্গজেব জানায়, খবর পেয়ে নির্যাতনের শিকার গৃহবধূসহ দুই সন্তানকে উদ্ধার ও নির্যাতনকারী স্বামী নাজমুলকে আটক করে মুকসুদপুর থানায় পাঠিয়ে দিয়েছি। স্ত্রী মামলা দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
