গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতা দূর, মশার বিস্তার নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ড্রেন পরিস্কার অভিযান শুরু করেছে পৌরসভা।
বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌর এলাকার পাটগাতি বাজারের ড্রেন পরিস্কারের মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক জহিরুল আলম বলেন, দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না হওয়ায় ময়লা জমে পৌর এলাকার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে মশার উপদ্রব বাড়ছে ও অপরিছন্ন পরিবেশের সৃষ্টি হয়েছে। ড্রেন পরিস্কার শুরু করার পর থেকেই কিছুটা জলাবদ্ধতা দূর হয়েছে। পরিষ্কার কার্যক্রম শেষ হওয়ার পর মশার বিস্তার রোধে প্রয়োজনীয় ঔষধ ছিটানো হবে।

পৌর এলাকার জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তুলতে নাগরিকদেরও সচেতন হতে হবে। যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে।আর বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে সকলের প্রচেষ্টায় একটি পরিষ্কার-পরিছন্ন পৌরসভা গড়তে পারবো।
টুঙ্গিপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন বলেন, পাটগাতি বাজার এলাকার প্রায় সাড়ে ৩ কিলোমিটার, পাচকাহনিয়া এলাকার ৫০০ মিটারসহ মোট সাড়ে ৬ কিলোমিটার ড্রেন পরিষ্কার করা হবে। ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে, পুরো কার্যক্রম শেষ করতে প্রায় ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে। ড্রেন পরিস্কার থাকলে চলতি বর্ষা মৌসুমে জনগণ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।
