গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে ২৪ ঘন্টা জরুরী প্রসূতি সেবার কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা: কে.এম. বাবর।
আগামী ১ নভেম্বর থেকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে থেকে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে ২৪ ঘন্টা জরুরী প্রসূতি সেবা দেয়া হবে।
এ উপলক্ষে মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা: কে.এম বাবর এমপি বলেন, গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মরত চিকিৎসকদের প্রচেষ্টায় এই সেবা চালু হচ্ছে। এটা আমার নির্বাচনী একটি প্রতিশ্রুতি ছিলো। তাই আমি ২৪ ঘন্টা স্বাস্থ্যসেবা চালু করতে স্বাস্থ্য মন্ত্রীর মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও দক্ষ জনবল পোস্টিং দিতে কাজ করছি। কিন্তু এখনো কাংখিত সংখ্যক চিকিৎসক পাওয়া যায়নি। তারপর অপ্রতুল জনবল দিয়ে এই সেবা চালু করা হলো। আগামীতে প্রশিক্ষিত জনবল পোস্টিংয়ের ব্যবস্থা করা হবে।
এমপি বাবর আরো বলেন,এই সেবা চালুর মাধ্যমে শুধু গোপালগঞ্জ না আশপাশের জেলার গর্ভবতী ও প্রসূতি মায়েরা ২৪ ঘন্টা স্বাস্থ্যসেবা পাবেন।এতে তারা সীমাহীন ভোগান্তীর হাত থেকে রক্ষা পাবেন। তাই এই সেবা প্রদানের সাথে জড়িত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের সেবা নিতে আসা রুগীদের সাথে মানবিক আচরণ করার আহবান জানান তিনি। এছাড়া, সেবা নিতে আসা রুগীদের স্বজনদেরও চিকিৎসক ও নার্সদের সাথে ভাল আচরণ ও সহযোগিতার আহবান জানান।
বিগত সরকারের সমালোচনা করে এমপি বাবর বলেন, বিগত সরকার চাইলে এক দিনের অর্ডারে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল এক দিনেই সব সেবা চালু করতে পারতো। কিন্তু তারা তা করেনি। কারণ তাদের সদিচ্ছা ছিলো না। তাই আমাকে অনেক কষ্ট করে এগুলো করতে হচ্ছে। আগামীতে আমি গোপালগঞ্জে একটি মেডিকেল ভিলেজ চালু করতে চাই। কারণ গোপালগঞ্জে সব ধরনের চিকিৎসা সেবা দেয়ার মতো প্রতিষ্ঠান রয়েছে।
মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: গোলাম মোর্শেদ মোল্লা সহ বিভিন্ন বিভাগের প্রধানগণ বক্তব্য রাখেন।
এরআগে, গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ে থেকে ২০২৬ সালে জিপিএ-৫ প্রাপ্ত ৩৯ শিক্ষার্থীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা: কে.এম.বাবর এমপি।
এ সময় তিনি শিক্ষার্থীকে মন দিয়ে পড়াশোনার আহবান জানান। একই সাথে শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য কাজ করারও আহবান জানান।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র সিকদার।
