গোপালগঞ্জে র্যালী, আলোচনা সভা এবং যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী অনুষ্ঠানের শুরু হয়েছে।জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
আজ রোববার(১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর গোপালগঞ্জের উপপরিচালক মো. শহীদুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে যুবকদের স্বাবলম্বী করতে যুব ঋণের চেক এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।
জেলা প্রশাসক মো আরিফ-উজ-জামান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন। দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুবসমাজকে দেশ গঠনে এগিয়ে আসার আহবান জানান তিনি।
