দেশীয় প্রাণিসম্পদ, আধুনিক প্রযুক্তি, সম্ভাবনাময় সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ ও প্রাণিসম্পদ প্রদর্শনী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদহের হাউজিং প্রকল্প মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর, গোপালগঞ্জ এ কর্মসূচির আয়োজন করেছে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এবং সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার।

প্রদর্শনীতে প্রায় ৩০টি স্টলে বিভিন্ন প্রজাতির গবাদিপশু, হাঁস-মুরগি, পোষা প্রাণী ও পাখি প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। প্রদর্শনীতে রয়েছে এক্স-রে মেশিন, কৃত্রিম প্রজননের (এআই) যন্ত্রপাতি, ঘাস কাটার মেশিন, মিল্কিং মেশিন ও ক্রিম সেপারেটরসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম। এছাড়া ফ্রিজিয়ান ও সাহিওয়াল জাতের গরু, ঘোড়া, গারল, ভেড়া, বিভিন্ন প্রজাতির ছাগল, কোয়েল, লাভবার্ডসহ নানা ধরনের পোষা প্রাণী ও পাখি প্রদর্শন করা হচ্ছে।
আয়োজকরা জানান, খামারিদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং নতুন উদ্যোক্তাদের বাণিজ্যিকভাবে পশুপালনে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
তিন দিনব্যাপী এ কর্মসূচির দ্বিতীয় দিনে ডেইরি বিষয়ক কার্যক্রম ও টিকাদান কর্মসূচি এবং তৃতীয় দিনে স্কুল ফিডিং কার্যক্রম ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। পরে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।
