গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে ১৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
গতকাল শনিবার (১১ এপ্রিল) সকাল ৯ টা থেকে আজ রোববার (১২ এপ্রিল) সকাল ৯ টা পর্যন্ত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, আড়াই শ’বেড জেনারেল হাসপাতাল সহ ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব রোগী ভর্তি হয়। বর্তমানে সরকারি ওই হাসপাতাল গুলোতে ৪৭ রোগী ভর্তি রযেছে। এদের মধ্যে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন, আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ১৫ জন, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ভর্তি রয়েছে। এ পর্যন্ত গোপালগঞ্জে ৮ জনের দেহে হাম সনাক্ত হয়েছে। তারা চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক এ সব তথ্য জানিয়েছেন।
জেলার হাম পরিস্থিতি উদ্বেগজনক নয় মন্তব্য করে স্বাস্থ্য বিভাগের প্রধান এ কর্মকর্তা বলেন, ‘চলতি বছর (১ জানুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত) গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ২৪১ রোগী হাসাপাতালে ভর্তি হয় । এর মধ্যে ১৯৪ রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে। হাম সহ জেলায় নিয়মিত টিকাদান কর্মসূচী অব্যাহত রয়েছে । এখানে ভ্যাক্সিনের কোন অভাব নেই ।
আগামী ২০ এপ্রিল থেকে এ জেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচী শুরু করা হবে বলে জানান সিভিল সার্জন ফারুক ।’ জেলার সব সরকারি হাসপাতালে আইসোলেশন ওযার্ড চালুর তথ্য জানিয়ে ওই কর্মকর্তা আরো বলেন, ‘মেডিকেল কলেজ হাসপাতালে ২০ বেড, আড়াই শ’ বেড জেনারেল হাসাপাতালে ২০ বেড, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ১০ বেড করে আইসোলেশন ওযার্ড খোলা হয়েছে ।হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আধুনিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সেই সাথে সরবরাহ করা হচ্ছে প্রয়োজনীয় ঔষুধ।’
