29.4 C
Gopālganj
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

উন্নয়নের মান ও স্বচ্ছতা নিশ্চিতে একযোগে মাঠে নবনির্বাচিত তিন সংসদ সদস্য

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনেই জনগণের রায়ে এক ঐতিহাসিক পরিবর্তন সূচিত হয়েছে। এই নতুন রাজনৈতিক সমীকরণের প্রেক্ষাপটে আজ দুপুর ১২টায় গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় একযোগে পরিদর্শন করেছেন নবনির্বাচিত তিন সংসদ সদস্য। তাঁদের আগমনে কার্যালয় চত্বরে এক উৎসাহ ব্যঞ্জক পরিবেশের সৃষ্টি হয় এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক তাঁদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।

পরবর্তীতে এলজিইডির সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ মতবিনিময় ও সমন্বয় সভায় সংসদ সদস্যরা জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্তমান চিত্র এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মোঃ সেলিমুজ্জামান মোল্যা তাঁর বক্তব্যে জনগণের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমরা জনগণের রায়ের প্রতি বিনম্র ও দায়বদ্ধ। জনকল্যাণে কোনো কাজের মান নিয়ে কোনো প্রকার আপস করা হবে না। নির্বাচনের পূর্বে আমরা ভোটারদের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষায় জনস্বার্থসংশ্লিষ্ট প্রকল্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।” তিনি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে চলমান কাজগুলো দ্রুততম সময়ে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

উন্নয়ন কাজে স্বচ্ছতা বজায় রাখার কড়া নির্দেশ দিয়ে গোপালগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব ডাঃ কে,এম বাবর বলেন, “টেকসই ও দৃশ্যমান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি প্রকল্পের কাজ এমনভাবে করতে হবে যেন তার সুফল দীর্ঘমেয়াদী হয়। প্রতিটি টাকা যেন জনগণের প্রকৃত কাজে ব্যয় হয় তা নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার বাইরে কোনো কাজ আমরা গ্রহণ করব না।”

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব এস,এম জিলানী বলেন, “উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি সহ্য করা হবে না। প্রতিটি প্রকল্পের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা গোপালগঞ্জের উন্নয়নকে আরও গতিশীল ও বেগবান করতে সব ধরনের প্রশাসনিক ও নীতিগত সহযোগিতা প্রদান করব, তবে কাজের মান হতে হবে আন্তর্জাতিক মানের।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব শরীফ রফিকুজ্জামান। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ এহসানুল হক জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের সার্বিক চিত্র তুলে ধরে তাঁদের দিক-নির্দেশনা কামনা করেন। এছাড়া গোপালগঞ্জ জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)-এর প্রকল্প পরিচালক জনাব মোঃ আমিনুর রহমান প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংসদ সদস্যদের অবহিত করেন।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী জনাব মোঃ মাহমুদ হাসান, সহকারী প্রকৌশলী জনাব মোঃ রকিবুল কবীর এবং উপজেলা প্রকৌশলীবৃন্দ- কাজী মাহমুদুল্লাহ (সদর), সজল কুমার দত্ত (কাশিয়ানী), মোঃ শফিউল আজম (কোটালীপাড়া), মাহমুদুল হাসান (মুকসুদপুর) ও মোঃ ফারুকুজ্জামান (টুঙ্গিপাড়া)।

জেলার ইতিহাসে এই প্রথম তিনজন সংসদ সদস্যের সমন্বিত এই সফর ও দিকনির্দেশনা গোপালগঞ্জের অবকাঠামো উন্নয়নে এক নতুন গতির সঞ্চার করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »