গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
আজ শুক্রবার (৬ মার্চ) সকাল ১১ টায় উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভংকর দত্ত, উপ-প্রকল্প পরিচালক মো. খাইরুল ইসলাম, কাশিয়ানী উপজেলা সমবায় কর্মকর্তা মোরাদ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত প্রান্তিক মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। গবাদিপশু পালন তাদের জন্য একটি টেকসই আয়ের পথ তৈরি করবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কাশিয়ানী উপজেলার ৬০ জন প্রান্তিক নিবন্ধিত জেলেদের হাতে ১টি করে বকনা বাছুর তুলে দেন।
