নিজস্ব সংবাদদাতা, কাশিয়ানী ও মুকসুদপুর (গোপালগঞ্জ)
ত্রয়োদশ সংসদে সংরক্ষিত নারী সদস্য হিসেবে সাবরিনা বিনতে আহমেদকে পেতে আগ্রহ প্রকাশ করেছেন গোপালগঞ্জের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। স্থানীয় পর্যায়ে সাম্প্রতিক সময়ে এ বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া ও আলোচনাও লক্ষ্য করা যাচ্ছে।
দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে কর্মরত থাকা এবং তৃণমূল পর্যায়ে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে সাবরিনা বিনতে আহমেদ গোপালগঞ্জবাসীর কাছে একটি পরিচিত ও আস্থাভাজন নাম। শিক্ষকতা জীবনে তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে স্থানীয়রা জানান।
তিনি নিজেকে পুরোপুরি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করেন। তিনি বিশ্বাস করেন, ‘মানুষ গড়লেই সমাজ বদলায়, দেশ বদলায়’। এই দর্শনকে সামনে রেখেই তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন বলে স্থানীয়দের ভাষ্য।
ব্যক্তিগত জীবনে তিনি গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম-এর সহধর্মিনী এবং দৈনিক জনকন্ঠ পত্রিকার অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের উপদেষ্টা। তিনি রাজধানীর একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান, শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন এবং এর পরে, তিনি উচ্চ শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি জাতীয়তাবাদী আদর্শের একজন পরিক্ষীত অনুসারী হিসেবে তার গ্রহণযোগ্যতা শুধু দলের ভেতরেই নয়, সাধারণ মানুষের মধ্যেও অকল্পনীয়।
সাবরিনা বিনতে আহমেদ রাজনৈতিক যাত্রার শুরু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে। তিনি একজন লেখক ও গবেষক এবং দৈনিক জনকণ্ঠ পত্রিকার উপদেষ্টা পরবর্তীতে জীবনে যথেষ্ট সফলতার পরও তিনি নিজ এলাকার বর্তমান জয়নগর ইয়ার আলী খান ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি এবং কাশিয়ানী – মুকসুদপুর অঞ্চলে দারিদ্র্য বিমোচন ও বহুমুখী সামাজিক উন্নয়নে সক্রিয় হন।
রাস্তা-ঘাট,মসজিদ, স্কুল, মাদ্রাসা, হেফজখানা, স্বাস্থ্যকেন্দ্রসহ বহু প্রতিষ্ঠানের উন্নয়নের মাধ্যমে জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়।
রাজনৈতিক অঙ্গনে ত্যাগ ও আদর্শের জন্য পরিচিত সেলিমুজ্জামান সেলিমের কর্মজীবন সাবরিনা বিনতে আহমেদের রাজনৈতিক পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বলে স্থানীয়রা মনে করেন।
তিনি গোপালগঞ্জ-১ আসনের নির্বাচন পরিচালনার দায়িত্ব পালনকালে তিনি সহকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছান, দলীয় বার্তা পৌঁছে দেন এবং জনগণের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এসময় স্থানীয়দের সঙ্গে তার সরাসরি যোগাযোগ ও সম্পৃক্ততা প্রশংসিত হয়।
গোপালগঞ্জের বাসিন্দারা মনে করেন, রাজনৈতিক নেতৃত্ব মানে ব্যক্তিগত স্বার্থ নয়, বরং জনগণের কল্যাণে দায়িত্ব নেওয়ার সক্ষমতা। অবহেলিত জনগোষ্ঠী, অসহায় নারী ও তরুণ সমাজের পাশে দাঁড়ানোই সাবরিনা বিনতে আহমেদের রাজনীতির মূল লক্ষ্য বলে তারা জানান।
হাট-বাজার, চায়ের দোকান, সামাজিক অনুষ্ঠান ও সভাসমাবেশে সাধারণ মানুষের কাছ থেকে একটাই দাবি উঠে আসছে- সাবরিনা বিনতে আহমেদকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হোক।
এ বিষয়ে সরকারি বা দলীয় পর্যায়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট মহলের মতে, জনমত ও স্থানীয় প্রতিক্রিয়া এবং দলীয় কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপরই তার সম্ভাবনা নির্ভর করবে।
এ বিষয়ে সাবরিনা বিনতে আহমেদ বলেন, রাজনীতি মানে মানুষের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া। সততা, সাহস ও ভালোবাসার মাধ্যমে মানুষের সেবা করাই তার অঙ্গীকার। তিনি মনে করেন, জনগণের সমর্থন ও দোয়াই তার সবচেয়ে বড় শক্তি।
স্থানীয়দের প্রত্যাশা, তার নেতৃত্বে গোপালগঞ্জের অবহেলিত জনগোষ্ঠী আরও সচেতন ও সংগঠিত হবে এবং সমাজে নতুন আশার সঞ্চার ঘটবে। আগামী দিনে দেশ গঠনে জনগণকে সঙ্গে নিয়েই কাজ করে যেতে চান বলে তিনি জানিয়েছেন।
সাবরিনা বিনতে আহমেদ আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি জাতীয় সংসদে গোপালগঞ্জের মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে ‘প্রস্তুত’।
