গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ডিজেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের মেসার্স কালিপদ সাহা এন্টার প্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিশ্বজিৎ সাহা ও গোবিন্দ সাহাকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
ওই কর্মকর্তা বলেছেন, পাটগাতী বাজারের ব্যবসা প্রতিষ্ঠানটি অবৈধভাবে ৪ হাজার ৫০০ লিটার ডিজেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করছিলো। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) আমাদের কাছে এমন তথ্য দেয়। রাতে সেখানে অভিযান পরিচালনা করে তথ্যের সত্যতা পাওয়া যায়।এ অপরাধে অত্যাবশকীয় পন্য নিয়ন্ত্রণ আইনে ব্যবসা প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার(ভূমি)আল-আমিন হালদার আরও বলেছেন, মজুদকৃত ৪ হাজার ৫০০ লিটার ডিজেল মাথাপ্রতি ৫ লিটার করে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। যদি ওই ব্যবসা প্রতিষ্ঠান সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে ডিজেল বিক্রি না করে, তাহলে তাদের বিরুদ্ধে আরো কঠোর আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি মন্তব্য করেন। খোলা বাজারে জ্বালানি তেলের বিপণন ও সরবরাহ তদারকি অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
