বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের রাতইল গ্রামে সরকারের নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে গোপালগঞ্জ জেলা তথ্য অফিস-এর আয়োজনে ইশতেহার বিষয়ক এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে সংযুক্ত ছিলেন ঢাকা গণযোগাযোগ অধিদপ্তর-এর উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান।
তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং নাগরিক সেবামূলক কর্মসূচি সম্পর্কে উপস্থিত জনগণের মাঝে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড চালু করেছে। ক্রমান্বয়ে দেশের প্রতিটি পরিবার এই ফ্যামিলি কার্ড পাবেন। তবে ফ্যামিলি কার্ডের জন্য আপনারা কোনো ধরণের টাকা-পয়সা লেনদেন করবেন না। অনুষ্ঠানে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে তথ্য অফিসার মোঃ সুলাইমান বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত ফ্যামিলি কার্ড ইতোমধ্যে পাইলট প্রকল্পের আওতায় চালু হয়েছে এবং তা ক্রমান্বয়ে দেশব্যাপী চালু করা হবে।পাশাপাশি তিনি বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃষক কার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
উঠান বৈঠক শেষে উপস্থিতিদের মাঝে সরকারের বিভিন্ন সেবা ও উদ্যোগ নিয়ে নির্মিত জনসচেতনতামূলক ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীর জন্য গাড়ি এবং বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ক চলচ্চিত্র প্রদর্শিত হয়।
