গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশু কন্যা তুবা ইসলাম তোহার মৃত্যু এলাকাবাসী মধ্যে ভীতি ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তারা মনে করছেন আবারও কি মরণব্যধি হাম ফিরে আসছে।আর বিষয়টি নিয়ে গোপালগঞ্জের স্বাস্থ্য বিভাগের মধ্যে নড়াচড়া শুরু হয়েছে। তারা তোহার চিকিৎসা সংক্রান্ত সকল ডকুমেন্ট ও উপসর্গ নিয়ে কেসস্ট্রাডি তৈরী করছেন।
জেলার মুকসুদপুর উপজেলার টেংরাখোলা ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের তুহিন শেখের তৃতীয় সন্তান ১০ মাসের ফুটফুটে হাসিখুশি তুবা ইসলাম তোহা।
তোহার মা নাজমা বেগম বলেন, হঠাৎ গত ১৯ মার্চ তার তুবার জ্বর দেখা দেয়। এর পরের দিন ২০ মার্চ জ্বরের সাথে হালকা শ্বাসকষ্ট হওয়ায় তাকে মুকসুদপুর ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। তখন জরুরী বিভাগের চিকিৎসক সুমন সাহা তাকে চিকিৎসা দেন। কিন্তু কোন পরিবর্তন না হওয়ায় দিনমজুর পিতা তুহিন শেখ ২৪ মার্চ স্থানীয় সেবা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকে উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মো. কামাল হোসেনের কাছে নিয়ে যান। তিনিও বিভিন্ন প্রকার ওষুধ লেখে ব্যবস্থাপত্র দেন। কিন্তু তাতেও কোন ফল আসেনি। বরং শিশুটির জ্বর, শ্বাসকষ্ট আরো বেড়ে সারা শরীরের হাম দেখা দেয়।
গত ২৬ মার্চ সকাল ৯ টার দিকে প্রচন্ড অসুস্থ অবস্থায় আবার মুকসুদপুর ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে আসলে ডাঃ মিজানুর রহমান শিশুটির অবস্থা খারাপ দেখে তাকে অক্সিজেন সাপোর্ট দেন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে অক্সিজেন সাপোর্ট দেন এবং কিছু পরীক্ষা নিরিক্ষা দেন। পরে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করেন।

শিশুটির মা নাজমা বেগম বলেন, আমরা সরকারি হাসপাতালের সেবায় অসন্তুষ্ট হওয়ায় এক আত্নীয়ের মাধ্যমে ঢাকার মালিবাগে বিএনকে লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মেয়েকে। ওইখানের চিকিৎসক আমার বাচ্চাকে আইসিইউ সাপোর্ট দেন এবং চিকিৎসা দেন। তখন কিছুটা উন্নতি দেখা যায়। কিন্তু গত ২৭ মার্চ দুপুর ১২টায় আমার কোলের মধ্যে আমার আদরের ধন নিস্তেজ হয়ে হা-পা ছেড়ে দেয়।তখন আমি চিৎকার দিলে এখানকার চিকিৎসকরা নানা ভাবে চেষ্টা করেন কিন্তু সব চেষ্টা বিফলে যায়।
ওই শিশুর পিতা তুহিন শেখ বলেন, আমি আমার শিশু সন্তানকে নিয়ে মুকসুদপুর হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ ও ঢাকায় বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়েছি। কিন্তু কোন চিকিৎসায়ই কাজ হলো না। আমার সোনার টুকরা আমাদের ছেড়ে চলে গেলো। গত শুক্রবার স্থানীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে আমার তোহার দাফন হয়। আজ বোরবার(২৯ মার্চ)বাদ আসর ওর জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করেছি। আল্লাহ যেন ওকে জান্নাতবাসী করে।
টেংরাখোলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য সহকারি খোরশেদা মল্লিক ডলি বলেন, জন্মের পর থেকে শিশুটিকে রুটিন মাফিক টিকা দেয়া হয়। গত ২৫ মার্চ শিশুটিকে হামের টিকা দেওয়ার জন্য আমি তুহিন শেখের বাড়ীতে আসি। তখন তুহিন শেখের স্ত্রী নাজমা বেগম জানান,তার বাচ্চাটি অসুস্থ। তাই আমি হামের টিকা না দিয়ে বলে আসি ২৫ এপ্রিল তিনি আবার টিকা দিতে আসবেন। পরে জানতে পারি শিশুটি মারা গেছে।
মুকসুদপুর ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালের টিএইচএন্ডএফপিও ডাঃ রায়হান ইসলাম শোভন বলেন, স্বজনরা শিশুটিকে জ্বরের সাথে শ্বাসকষ্ট ও হামের উপসর্গ নিয়ে হাসপাতলের জরুরী বিভাগে ২০ ও ২৬ মার্চ চিকিৎসা নিতে আনেন। ২৬ মার্চ শিশুটির অবস্থা সংকটপন্ন হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। শুনেছি সেখান থেকে ঢাকা পাঠানো হয় এবং ২৭ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ডিজি অফিস থেকে শিশুটির মৃত্যুর তথ্য চাওয়া হয়েছে। আমরা যাবতীয় তথ্য সংগ্রহ করে পাঠিয়েছি। ডিজি অফিস পরবর্তি করণীয় সম্পর্কে আমাদের অবহিত করলে সেই মোতাবেক পদক্ষেপ নেয়া হবে। তবে গত ৩ বছরের আমরা এখানে হামের কোন পজিটিভ রুগী পায়নি। হাম ছোয়াচে রোগ হলেও আতংকিত হওয়ার কিছু নাই। তবে আমি মনে করি শিশুটির মৃত্যুর কারণটা আমাদের জন্য জানা খুবই প্রয়োজন।তা না হলে মানুষের মুখে মুখে হামে মৃত্যু ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে আতংক দেখা দিতে পারে।
