হামের উপসর্গ নিয়ে মুকসুদপুরের ১০ মাসের শিশুর মৃত্যুর হওয়ার পর গোপালগঞ্জ সিভিল সার্জনের পক্ষ থেকে বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে।এ ছাড়া জেলার সব হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে নীবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউ খোলার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
মুকসুদপুর উপজেলার টেংরাখোলা ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের তুহিন শেখ ও নাজমা বেগম দম্পতির তৃতীয় সন্তান ১০ মাসের তুবা ইসলাম তোহা শুক্রবার ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সোমবার (৩০ মার্চ) জেলা সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুক গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তাদের নিয়ে সমন্বিত সভা করেছেন। সেখানে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরতঃ চিকিৎসকদের সমন্বয়ে কমিটি গঠন করে দেন।
সিভিল সার্জন সাংবাদিকদের বলেছেন, “কমিটির সদস্যরা মঙ্গলবার ওই এলাকায় (মুকসুদপুর) যাবেন।এ ব্যাপারে তারা তথ্য সংগ্রহ করবেন। এ ছাড়া সন্দেহভাজন রোগী থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবেন।”
চিকিৎসকদের পাশাপাশি মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের জ্বরে আক্রান্তদের পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সিভিল সার্জন।
তিনি বলেছেন, “এই মুহূর্তে গোপালগঞ্জের কোনো হাসপাতালে হামে আক্রান্ত রোগী ভর্তি নেই। জ্বর নিয়ে কিছু শিশু ভর্তি আছে। তাদের মধ্যে হামের কোনো উপসর্গ নেই। গোপালগঞ্জের হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে তিনি মন্তব্য করেন।এখানে হামসহ সব ধরনের রোগের ভ্যাকসিন পর্যাপ্ত মজুদ রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।”
