গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঞ্চল্যকর ওবায়দুর রহমান হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পরিবারের সদস্য ও গ্রামবাসী।
আজ রবিবার বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা পরিষদের সামনের সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।এসময় দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা। মানববন্ধন চলাকালে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ওবায়দুর সিকদার হত্যাকান্ডের ৬ মাস পার হলেও পুলিশ চার্জশিট দেয়া তো দূরের কথা আসামীদের গ্রেফতার করতে পারেনি। এমনকি তথ্য প্রমাণ দিলেও পুলিশের কোন তৎপরতা নেই।দ্রুত আসামীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।
প্রসঙ্গত, নিঁখোজের দুইদিন পর গত বছরের ১৪ সেপ্টেম্বর সকালে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকার রাস্তার পাশ থেকে ওবায়দুর সিকদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওবায়দুর সিকদার কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ সিকদারের ছেলে। এ ঘটনায় আজ্ঞাতদের আসামী করে নিহতের ছোট ভাই আমিনুর রহমান বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
