উচ্চ শিক্ষিত হয়েও চাকরির পিছনে না ঘুরে মাছের ঘের পাড়ে ১৪শ’ কুল গাছ লাগিয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের দুই ভাই।খরচ উঠিয়ে তারা এবছর কয়েক লাখ টাকা লাভের মুখ দেখছেন।আবহাওয়া অনুকূল থাকায় কুলের বাম্পার ফলন হয়েছে।সেই সাথে ভালো দাম পাওয়ায় লাভবান হওয়ার আশা তাদের।

গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের শিক্ষিত যুবক প্রবীর বিশ্বাস ও অপূর্ব বিশ্বাস। দুই ভাই মিলে ৫/৬ বছর আগে নিজেদের পৈত্রিক জমিতে বিভিন্ন ফলের চাষ করলেও প্রাকৃতিক দুর্যোগে তা নষ্ট হয়ে যায়। কিন্তু এতে ভেঙ্গে না পড়ে তারা ঠিক করেন কুলের আবাদ করবেন। ইউটিউব দেখে আর চুয়াডাঙ্গা থেকে বিভিন্ন কুলের চারা এনে নিজেদের ঘেরপাড়ের জমিতে ১৪শ’ কুল গাছ রোপন করেন।স্বল্প মেয়াদে কুলের বাম্পার ফলন হয়েছে। গাছে গাছে ঝুলে রয়েছে বিভিন্ন জাতের কুল।

তাদের ক্ষেতে রয়েছে ভারত সুন্দরী, কাশ্মিরী আপেল, বল সুন্দরী, থাই আপেল সহ বিভিন্ন জাতের কুলের গাছ।ইতিমধ্যে কুল বিক্রি শুরু করেছেন।আগামী আরো এক মাস ধরে বিক্রি করবেন।খরচ উঠিয়ে এ মৌসুমে প্রায় ৫-৭ লাখ টাকা লাভ করবেন এমন আশা তাদের।

কৃষক, যুবক প্রবীর বিশ্বাস ও অপূর্ব বিশ্বাস জানান, আগাম প্রতি কেজি কুল ২শ’ টাকায় বিক্রি করছেন। এখনও তারা কেজি ১শ’ টাকা করে বিক্রি করছেন। নিজেরাই নিজেদের ক্ষেত দেখাশোনা করার পাশাপশি ফল বাছাই করে বিক্রির জন্য উপযোগী করে তোলেন।স্থানীয় বাজারে রয়েছে ব্যাপক চাহিদা।পাইকাররা ক্ষেত বা বাড়ীতে এসেই এসব কুল কিনে নিয়ে যাচ্ছেন।কুল চাষের পরিচর্চা ও কুল তুলতে সহযোগিতা করে শ্রমিকেরা। আর সেই সাথে কুল চাষে পরিবারের সদস্যরাও সহযোগিতা করে থাকে।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. মামুনুর রহমান, কুল চাষে বেশী লাভ হওয়ার ফলে অনেকেই কুল চাষে আগ্রহ দেখাচ্ছে। এসব চাষীদের প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি পরামর্শও দেযা হয় বলে জানান এই কৃষি কর্মকর্তা।

এ জেলায় চলতি মৌসুমে ৯০ হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কুলের আবাদ করলে চাষিরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবার পাশাপশি পুষ্টির চাহিদাও পূরণ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
