গোপালগঞ্জের কাশিয়ানীর চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হাফিজ মোল্লাকে (৩৫) ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) ও র্যাব-১ সিপিসি-১ উত্তরা, ঢাকা’র যৌথ আভিযানিক দল।
এ বিষয়ে র্যাব-৬ এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপে গোপালগঞ্জের সাংবাদিকদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হকের নেতৃত্বে র্যাব-৬ সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এবং র্যাব-১ সিপিসি-১ উত্তরা, ঢাকার মেজর রবিউল আলম ও সহকারী পুলিশ সুপার মো. শহিদুল্লাহর সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল ঢাকার পল্লবী থানার সেকশন-১১ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আলম সুপার মার্কেটের সামনে থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেপ্তারকৃত হাফিজ মোল্যা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার পলাতক আসামি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল গভীর রাতে কাশিয়ানী উপজেলার এক গৃহবধূ তার সন্তানকে নিয়ে বাড়ির বাইরে গেলে অভিযুক্ত হাফিজ মোল্যা তাকে জোরপূর্বক ঘরের ভিতরে নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামি পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঐদিনই ভুক্তভোগী বাদী হয়ে কাশিয়ানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন।
বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
