গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ৭৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজাসহ আশরাফ মাতুব্বর (৫৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।
গতকাল শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাঁচবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে মাদকসহ আট করা হয়। পরে আজ শনিবার সকালে উদ্ধার করা মালামালসহ তাকে মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
এসআরবি-৬-এর সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় আটকৃত আশরাফ মাতুব্বরের বসতবাড়ির দক্ষিণ পাশে পানির ট্যাংকের কাছে কাঠের লাকড়ির স্তূপের নিচ থেকে তার দেখানো মতে ৭৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে এসআরবি ভাটিয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ সহকারী পুলিশ সুপার অর্ণিবান দাস জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।
উদ্ধার করা মাদকদ্রব্য জব্দের পর ওই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুকসুদপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মুকসুদপুর থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলা দায়েরর পর তাকে গ্রেপ্তার দেখিয়ে মাদক ব্যবসায়ীকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
