১৫ আগস্টকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স, গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ জেলার গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। বিজিবিসহ আইনশৃংখলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জুড়ে জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলায় পুলিশ, এপিবিএন ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সমাধিসৌধ কমপ্লেক্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশ পথে ও ফটকের সামনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে কর্মরতঃ সদস্যরা সমাধি সৌধ কমপ্লেক্সের সামনে আশপাশ সড়কে ও ফটকের সামনে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছেন। এছাড়া পাটগাতী বাসস্ট্যান্ড, চৌরঙ্গী, কলেজ রোডসহ গুরুত্বপূর্ণ এলাকাতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান দেখা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত গোপালগঞ্জে সার্বিক অবস্থা শান্ত রয়েছে।কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
