টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
সকালবেলা খালি পকেটে ভ্যান নিয়ে বের হয়েছি। হঠাৎ ভ্যান থামিয়ে টোলের টাকা চায় ইজারাদারের লোকজন। পরে দিচ্ছি বললেও তারা ছাড়েনা, ১০ টাকা না দিলে যেতে দেবে না। তখন নিরুপায় হয়ে ছোটাছুটি করে পরিচিত এক লোকের কাছ থেকে দশ টাকা ধার করে টোলের টাকা দেই। কিন্তু গত দুইদিন ধরে এরকম হচ্ছে না। কারণ ভ্যানচালকদের কাছ থেকে ইজারাদারের লোকজন টাকা নিচ্ছে না। জানতে পেরেছি গোপালগঞ্জ ৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) নতুন এমপি এসএম জিলানী ভ্যানচালকদের থেকে টাকা নিতে নিষেধ করেছে। আল্লাহ তার মাধ্যমে আমাদের মাফ করেছে।
টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়ে এভাবে কথাগুলো বলছিলেন লেবুতলা গ্রামের ভ্যান চালক মোস্তাইন শেখ। টোলের টাকা মওকুফ হওয়ায় শুধু তিনিই নয়, তার মতো আরও অনেক ভ্যান চালক স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
জানা যায়, ২০১৮-১৯ সাল থেকে টুঙ্গিপাড়া পৌরসভা এলাকার মধ্যে ভ্যান ঢুকলেই ১০ টাকা করে দিতে ইজারাদারের লোকজনকে। টুঙ্গিপাড়া পৌর এলাকার বালাডাঙ্গা ব্রীজ, পাটগাতী বাসস্ট্যান্ডের দুই পাশ ও পাটগাতী বাজারে ইজারাদারের লোকজন দাঁড়িয়ে ভ্যান চালকদের থেকে ১০ টাকা করে আদায় করতো। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ৩ আসনে (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) বিএনপি’র প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী নির্বাচিত হয়েই ১৪ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও ইউএনও’র সাথে কথা বলে ইজারাদার লোকজনকে ভ্যানচালকদের কাছ থেকে টোল নিতে নিষেধ করে। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে ভ্যানচালকদের কাছ থেকে টোল না নেওয়ায় স্বস্তি ফিরেছে বিভিন্ন এলাকার ভ্যানচালকদের মধ্যে।
পৌর এলাকার পাচকাহনিয়া গ্রামের ভ্যান চালক তুহিন শেখ বলেন, ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাত্রী পাই বা না পাই, রোজগার হোক বা না হোক টোলের লোকজনকে দশ টাকা দিতেই হবে। পরে দিচ্ছি বললেও ছাড়ে না। নতুন এমপির নির্দেশে গত দুইদিন ধরে ভ্যানচালকদের কাছ থেকে টাকা নিচ্ছে না ইজারাদারের লোকজন। আল্লাহ আমাদের মাফ করেছে।
চিতলমারীর কুনিয়া গ্রামের ভ্যান চালক সেলিম মোল্লা বলেন, দীর্ঘদিন ধরেই আমরা ভ্যানচালকেরা চাইছিলাম ঢোলটা বন্ধ হোক। কিন্তু কাজ হয়নি। নতুন এমপি নির্দেশে এবার টোল নেওয়া বন্ধ হয়েছে এতে আমরা খুবই খুশি। চৌরঙ্গী ব্রিজের টোল টা বন্ধ হলে আমাদের আরো ভালো হবে।
জোয়ারিয়া গ্রামের ভ্যান চালক অনিমেষ বলেন, টোলে ১০ টাকা দেওয়ার কারনে আমরা যাত্রীদের কাছ থেকেও আমরা টাকা বেশি নিতাম। যার কারনে প্রায়ই যাত্রীদের সাথে তর্ক-বিতর্ক হতো। এখন টল দেওয়া লাগবে না তাই যাত্রীদের থেকেও কম টাকা নেবো। টোল বন্ধ হওয়ায় আমরা খুবই আনন্দিত।
গোপালগঞ্জ ৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) নবনির্বাচিত সংসদ সদস্য এসএম জিলানী বলেন, নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় গণসংযোগে গেলে অধিকাংশ ভ্যানচালক টোলের বিষয়ে বলতেন। তখন তাদের কথা দিয়েছিলাম নির্বাচিত হলে টোল বন্ধ করে দেব। টুঙ্গিপাড়ার খেটে খাওয়া মানুষের ওপর যেন অযৌক্তিক কোনো আর্থিক চাপ না থাকে, সেই জন্য গোপালগঞ্জের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে ইজারাদারকে ভ্যান চালকদের কাছে থেকে টোল নিতে নিষেধ করেছি। সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে আমাকে। তাই মানুষের জন্য কাজ করতে চাই। খেটে খাওয়া মানুষের স্বার্থে আগামীতেও জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, আলোচনা করে গোপালগঞ্জ ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এসএম জিলানী ভ্যান চালকদের কাছ থেকে টোল নিতে নিষেধ করেছে। তাই তাদের থেকে টোল নিচ্ছে না ইজারাদারের লোকজন। বর্তমান ইজারাদারের মেয়াদ শেষ হলে নতুন টেন্ডার আহ্বান করা হবে। তখন বিষয়টি আলোচনা করে স্থায়ীভাবে সমাধান করা হবে।
