শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ( ৩০ মে) বেলা ১২ টার দিকে গোপালগঞ্জ শহরের বাজার এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় রাষ্ট্রনায়ক। মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর সাহসী ভূমিকা, স্বাধীনতার ঘোষণা এবং পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি এমন এক সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন, যখন দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত ছিল। দূরদর্শী নেতৃত্ব, কঠোর পরিশ্রম ও দেশপ্রেমের মাধ্যমে তিনি বাংলাদেশকে উন্নয়ন ও আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়েছিলেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর প্রবর্তিত উৎপাদনমুখি রাজনীতি, গ্রামভিত্তিক উন্নয়ন কর্মসূচি এবং জাতীয়তাবাদী দর্শন আজও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস।
ডা. বাবর বলেন, শহীদ জিয়ার আদর্শ ছিল দেশপ্রেম, সততা, আত্মনির্ভরশীলতা ও জনগণের ক্ষমতায়ন। বর্তমান প্রজন্মকে তাঁর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে।বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় শহীদ জিয়ার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
তিনি বলেন, “আমরা আজ তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর দেখানো পথ অনুসরণ করে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।
জেলা বিএপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারন সম্পাদক ফজলুল কবির দারা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা, সদস্য সচিব মাহমুদুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রেয়াজউদ্দিন লিপ্টন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব, সদস্য আজিজুর রহমান বেনো, জিয়াউল কবির বিপ্লব বক্তব্য রাখেন।
এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
