শেখ পরিবারের অন্যতম সদস্য, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
আজ রবিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজ ক্যাম্পাসে বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের মরদেহ নিয়ে আসা হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়।
পরে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় গোপালগঞ্জ-০৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী, জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান সহ পরিবারের সদস্যরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এরআগে শনিবার রাতে মরদেহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।
শেখ কবিরব হোসেন ১৯৪২ সালের ৩ ফেব্রুয়ারী গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ মোশাররফ হোসেন এবং মাতা রাহেলা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। তার চাচাতো ভাই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ কবির হোসেন বাংলাদেশ বীমা সমিতির সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতিও ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন শোক প্রকাশ করেছেন।
