দেশের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জিএসটিইউ) শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ইন্টারডিসিপ্লিনারি সামিট ২০২৬’।
আগামী ২৮ ও ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
‘বৈশ্বিক প্রভাবের জন্য চিন্তার মিলন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস ও বৈশ্বিক বিষয়াবলি নিয়ে কাজ করা সংগঠন জিএসটিইউ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল (জিএসটিইউজিএসি)।
আজ বুধবার (২৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সম্মেলন ফিসারিজ ও মেরিন বিভাগের চেয়ারম্যান এবং আয়োজক কমিটির আহ্বায়ক ড. নিয়াজ আল হাসান।
সংবাদ সম্মেলমে জানানো হয়, সাতটি বিষয়ভিত্তিক অধিবেশনে শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনা করা হবে। প্রথম দিনে তিনটি এবং দ্বিতীয় দিনে চারটি—মোট সাতটি সেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেবেন।
আয়োজক কমিটির আহ্বায়ক ড. নিয়াজ আল হাসান জানান, সম্মেলনে মোট ১৩৬ টি গবেষণাপত্র জমা পড়ে। এর মধ্য যাচাই-বাছাই শেষে ৬৬ নির্বাচিত গবেষণাপত্রগুলো ম্যাগাজিন আকারে প্রকাশ করা হবে। পাশাপাশি সম্মেলনের কার্যবিবরণী বা প্রসিডিংস আইএসবিএন নিবন্ধিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণা কার্যক্রমে ৩৬ জন সহলেখক বা অবজারভার যুক্ত রয়েছেন।
অনুষ্ঠানে বিভিন্ন অধিবেশনের দায়িত্বে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জিএসটিইউসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
আয়োজকদের দাবি, ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের গবেষক-শিক্ষার্থীর অংশগ্রহণ, সাতটি আন্তঃবিষয়ক সেশন এবং আইএসবিএন-নিবন্ধিত কার্যবিবরণী প্রকাশের উদ্যোগের কারণে ‘ইন্টারডিসিপ্লিনারি সামিট ২০২৬’ দেশের অন্যতম বৃহৎ শিক্ষার্থী গবেষণা সম্মেলন হতে যাচ্ছে।
আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের গবেষণা বৃহত্তর পরিসরে উপস্থাপনের সুযোগ তৈরি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক যোগাযোগ বৃদ্ধি এবং আন্তঃবিষয়ক গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দুই দিনব্যাপী এ সম্মেলনে গবেষণা উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলেও জানান আয়োজকেরা।
