কবরস্থান- রান্নাঘরে পানি, টুঙ্গিপাড়ায় ভোগান্তিতে ২০০পরিবার

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

একটু বৃষ্টি হলেই রাস্তা, ঘরবাড়ি, রান্নাঘর ও কবরস্থান তলিয়ে যায়। সরকার আসে সরকার যায়, চেয়ারম্যান-মেম্বার আসে যায়। জনগণের কাছে সবাই প্রতিশ্রুতি দেয় , কিন্তু কাজের সময় কেউ কাজ করে না।

চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ভোগান্তি থাকায় এভাবেই কথাগুলো বলছিলেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম শেখ। শুধু তিনিই নয়, একই সুরে এরকম কথা বলেছেন ওই গ্রামের  আরো অনেকে।

ইব্রাহিম আরও বলেন, বৃষ্টির সময় রাস্তা থেকে পানি বালতিতে ভরে ভরে অপসারণ করতে হয়। না হলে রাস্তা নাকি পুকুর এটাই বোঝা যায় না। গতবছর একই অবস্থা হলে ইউএনও স্যার এসে বলেছিলো ড্রেন করে দেবে কিন্তু তিনি বদলী হয়ে গেছেন, তাই ড্রেন আর হয়নি। আর পানি নিষ্কাশনের ব্যবস্থাও হয়নি। তাই প্রতিবছরের এই বিপদ থেকে আমরা মুক্তি চাই।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাটগাতী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মধ্যেপাড়া গ্রামে ৬ টি বংশের পাঁচ শতাধিক পরিবারের বসবাস। এছাড়া এই গ্রামে ছয়টি কবরস্থান, চারটি মসজিদ, দুইটি মাদ্রাসা ও চারটি গণশিক্ষা কেন্দ্র রয়েছে। প্রায় ১০ বছর ধরে বর্ষা মৌসুমে তলিয়ে যায় ছয়টি কবরস্থান সহ দুই শতাধিক পরিবারের ঘরবাড়ি ও রান্নাঘর। স্থানীয়রা বিষয়টি চেয়ারম্যান মেম্বারদের কাছে মৌখিক ও লিখিত ভাবে জানালেও তাদের জলাবদ্ধতা দূর হয়নি। এতে প্রতিবছর ব্যাপক ভোগান্তিতে পরে মুসল্লি, শিক্ষার্থী সহ ওই গ্রামের মানুষ। বর্ষার দিনগুলোতে কোন রকমে খেয়ে না খেয়ে বর্ষাকাল পার করার অপেক্ষায় থাকেন তারা। কারণ পাটগাতী মধ্যেপাড়া গ্রামের অধিকাংশ পরিবার চুলায় রান্না করে। আর অনেকের গ্যাস কেনার সামর্থ্যও নেই।

পাটগাতী মধ্যেপাড়া গ্রামের মুক্তার আলী বলেন, বৃষ্টির সময় একটা মানুষ মারা গেলে মাটি দেয়ারও পরিস্থিতি হয় না, কবরস্থান খোঁচারও পরিস্থিতি হয় না। কয়েকদিন আগে সিরাজ নামের এক ব্যক্তি মারা গেলে তাকে কবর দিতেও ব্যাপক সমস্যা হয়েছে। এখনো তার কবরের মধ্যে পানি থৈ থৈ। মোট কথা মরে গিয়েও শান্তি নাই। তাই আমরা এ দুর্ভোগের স্থায়ী সমাধানের দাবি জানাই।

স্থানীয় মসজিদের ইমাম আব্দুর রহমান শেখ বলেন, কয়েকদিন বৃষ্টি হলেই মসজিদের সামনের রাস্তা তলিয়ে যায়। তখন রাস্তাও খুঁজে পাওয়া যায় না। এছাড়া বাড়িঘর কবরস্থান সবকিছুই তলিয়ে যায়। মসজিদের সামনের রাস্তায় নাপাক ও ময়লা পানি থাকায় মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে আসতে পারেনা। প্রতিবছর বৃষ্টির সময় এই সমস্যায় পড়তে হয়।

একই গ্রামের সিরাজুল ফকির, নাসির শিকদার, সৈয়দ আতিয়ার রহমান, মজিবুর শেখ বলেন, আমাদের পাটগাতি মধ্যপাড়ায় বসবাসরত অধিকাংশ মানুষই চুলায় রান্না করে। আর অনেকের গ্যাস কেনার সামর্থ্য নেই। তাই অনেকে একবেলা কোন রকমে খেয়েও দিন কাটাচ্ছে, আবার কেউ তিন বেলাই হোটেলে গিয়ে খেয়ে আসছে। কারণ বৃষ্টির জন্য সকলের বাড়ির উঠান ও রান্নাঘর পানিতে তলানো। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। তাই আমরা খুব সমস্যায় রয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, টুঙ্গিপাড়া যেহেতু নিচু এলাকা তাই বৃষ্টি হলেই অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। সাংবাদিকদের মাধ্যমে জেনে আমি প্যানেল চেয়ারম্যানকে জরুরী ভিত্তিতে পানি অপসারণের ব্যবস্থা করার জন্য  নির্দেশ দিয়েছি  । জনদুর্ভোগের বিষয়গুলো আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। সমস্যার কথা শুনলেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। আশা করি দ্রুত পাটগাতী মধ্যেপাড়া গ্রামের মানুষের কষ্ট দূর হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর