গোপালগঞ্জ সদর থানার চাঞ্চল্যকর কলেজ ছাত্র জোবায়ের হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে এসআরবি-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প ও সিপিসি-৩ এবং যশোরের যৌথ আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন ঘোপ নোয়াপাড়া রোডস্থ দরাটানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গোপালগঞ্জ সদর থানার চাঞ্চল্যকর জুবায়ের হত্যা মামলার এজাহার নামীয় প্রধান পলাতক আসামি সোহেল মোল্লা (৪৭) কে আটক করেছে।
মামলার বিবরনে জানা যায়, ভিকটিম জুবায়ের গোপালগঞ্জ সরকারি কলেজের অনার্স রাস্ট্রবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র ছিলেন। জোবায়েরের ফুফাতো ভাই সিয়ামের বিষয়ে কুৎসা রটনা নিয়ে মামলার আসামিদের সাথে ভিমটিমসহ তার পরিবারের সদস্যদের বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৪ সেপ্টেম্বর সকালে জোবায়ের জনৈক ইব্রাহিম মোল্লার বাড়ী থেকে প্রাইভেট পড়ানো শেষ করে তার নিজ বাড়ি ফেরার সময় পথিমধ্যে ভিকটিমের পিতা রমজান ভূইয়ার সাথে দেখা হয়।
জোবায়ের তার পিতার সাথে ভ্যান যোগে তার বাড়ী ফেরার পথে এজাহার নামীয় আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম জুবায়েরসহ তার পিতা রমজান ভূইয়ার পথরোধ করে রামদা, লোহার রড ও বাশের লাঠি নিয়ে তাদের চারপাশ ঘিরে ফেললে।
আসামী সোহেল মোল্লার নেতৃত্বে অন্যান্য আসামিরা জোবায়েরকে রামদা দিয়ে মাথায় কোপ দিলে তার মাথার তালুতে লেগে গুরুতর জখম হয়। পরবর্তীতে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে জোবায়েরকে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিতসাধীন অবস্থায় সে মারা যায়।
পরবর্তীতে জোবায়েরের পিতা রমজান ভূইয়া বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় আসামি সোহেলসহ অন্যান্য আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।