গোপালগঞ্জে পৃথক অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃত শিপুল শেখ (৫২) গোপালগঞ্জ সদর উপজেলার চর সোনাকুড় এলাকার ও মিন্টু শিকদার মানিকদহ এলাকার বাসিন্দা।
গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড আপস) মোঃ হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এরই ধারাবাহিকতায় রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে তার নেতৃত্বে সদর উপজেলার চর সোনাকুড় এলাকায় অভিযান চালিয়ে শিপুল শেখকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
একই দিন সদর উপজেলার মানিকদহ এলাকায় অভিযান চালিয়ে আরেক মাদক ব্যবসায়ী মিন্টু শিকদারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পুলিশ জানায়, তার বিরুদ্ধে সদর থানায় দায়ের করা মামলা রয়েছে। গত ১৯ আগস্ট দায়ের হওয়া ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের দাবি, মিন্টু শিকদারের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে আজ সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে।