বিশ্ব শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে গোপালগঞ্জে চিত্রাঙ্কন, সংগীত, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
তিন দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) গোপালগঞ্জ জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোররা সংগীত, আবৃত্তি, নৃত্য ও চিত্রাঙ্কনের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার। তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শাহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারী, প্রতিযোগী শিশু-কিশোর, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, শিশুদের সৃজনশীলতা বিকাশ, সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করা এবং তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।