বিদেশে হাড়ভাঙা খাটুনি না খেটে, দেশের মাটিতে শ্রম দিয়ে স্বাবলম্বী হওয়া সম্ভব। তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আত্মপ্রত্যয়ী যুবক মোঃ নাজিম মুন্সি (৩৮) । ৫ বছরের প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফিরে তিনি গড়ে তুলেছেন ‘ফাহাদ এম ফার্ম’ নামে গরুর খামার। এতেই বাজিমাত করেছেন তিনি ।
২০১৭ সালে ভাগ্যান্বেষণে বিদেশ পাড়ি জমান টুঙ্গিপাড়া উপজেলার বর্নি দক্ষিণ পাড়া গ্রামের নাজিম মুন্সি। প্রবাসে ইউটিউবে অসংখ্য গরুর খামারের ভিডিও দেখে তিনি উদ্বুদ্ধ হন । তখনই সিদ্ধান্ত নেন, প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে যে আয় করেন, তার চেয়ে সামান্য কম হলেও দেশে মা-বাবার সাথে থেকে নিজের উদ্যোগে কিছু করবেন। যেই চিন্তা সেই কাজ। তিনি ২০২২ সালে দেশে ফেরেন । ২০২৩ সালে ৫টি গরু দিয়ে মোটা-তাজা করণের কাজ শুরু করেন । প্রথম বছরই লাভের মুখ দেখেন । পরের বছর ১২ টি গরু পালন করেন। তারপর থেকে খামারে গরু বেড়েই চলেছে। এবছর তিনি ১৮টি গরু পালন করেন। এরমধ্যে ৩টি রমজানের ঈদে বিক্রি করেছেন। ১৫টি গরু কোরবানির জন্য প্রস্তুত করেছেন। এ বছর তিনি ১০ লাখ টাকা আয়ের প্রত্যাশা করছেন ।
সরেজমিনে খামারে গিয়ে দেখাগেছে, নাজিম মুন্সির সংগ্রহে থাকা গরুগুলো উচ্চতা ও ওজনে বেশ নজরকাড়া। খামারের অধিকাংশ গরুই ৭ ফুট লম্বা এবং ৫ ফুট উচ্চতার। কোনোটির ওজন ১৪ থেকে ১৫ মণ, আবার কোনোটি ১০ থেকে ১২ মণ। খামারে রয়েছে শাহীওয়াল, গির ও ব্রাহামা জাতের গরু। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কাঁচা ঘাস, খড় ও ভুষি খাইয়ে কোনো প্রকার ক্ষতিকর হরমোন ছাড়াই গরুগুলোকে লালন-পালন করে চলেছেন সফল এ খামারী। তিনি নিজের খামারেই কাজ করে যাচ্ছেন।
এ ব্যাপারে সফল খামারি নাজিম মুন্সি বলেন, বিদেশে মাসে ১ লাখ টাকা আয়ের চেয়ে দেশে ৮০ হাজার টাকা আয় করা অনেক আরামের। বিদেশের খাটুনির তিন ভাগের দুই ভাগ শ্রম দেশে দিলে দ্বিগুণ আয় সম্ভব। সরকারি সহায়তা পেলে খামারটি আরও বড় করার স্বপ্ন দেখেন তিনি। এমন প্রত্যাশার কথা জানিয়ে নাজিম মুন্সি বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরুগুলোকে বিক্রির প্রস্তুতি নিয়েছি । উপযুক্ত দাম পেলে এবার কোরবানির মৌসুমে গরুগুলো বিক্রি করে তিনি প্রায় ১০ লক্ষ টাকা আয় করবেন বলে জানিয়েছেন ।

বর্ণি দক্ষিণপাড়া গ্রামের তরুণ জসিম মুন্সি বলেন, নাজিম ভাইয়ের খামার আমি প্রথম একটি ভিডিও দেখতে পাই। এটি আমার মধ্যে উৎসাহ সৃষ্টি করে। পরে আমি তাদের বাড়িতে যাই গরুর খামার দেখি। গরুগুলো খুবই আকর্ষনীয় । এগুলো আমাকে আকৃষ্ট করেছে। আমি নাজিম ভায়ের মুখে খামারি হওয়ার গল্প শুনেছি। গরু মোটা-তাজাকরণ লাভ জনক। এটি তিনি করে দেখিয়েছেন। তাই আমি আগামীতে গরুর খামার করে নিজে সাবলম্বী হব। পাশাপাশি এলাকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করব।
খামার কর্মী মোহাম্মদউল্যাহ বলেন, আমি এখানে ১ বছর ধরে কাজ করছি। এখান থেকে যা পাই তা দিয়ে সংসার ভালভাবে চালাতে পারছি। এখন আমি আগের তুলনায় বেশ ভাল আছি। এ বছর আমাদের খামারে এখন ১৫ টি গরু আছে। আমার মালিক আগামী কোরবানীর আগেই ৫০টি গরু পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তিনি জায়গা কিনেছেন। খামার বড় করবেন। খামার বড় হলে এ গ্রামের আরো ৪/৫ জন এখানে কাজ করার সুযোগ পাবেন।
বর্ণি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: সামাদ মুন্সি বলেন, নাজিমের খামার আমার ইউনিয়নের মধ্যে শ্রেষ্ঠ। তারা ভাল খাবার খাইয়ে ও খুব যত্ন করে গরু লালন পালন করে। এ কারণে তাদের গরুর চেহারা আকর্ষনীয় হয়ে থাকে। আকৃতিতেও বেশ মানানসই। আমার ইউনিয়নের শ্রেষ্ঠ গরুর খামার হিসেবে আাম নিাজিমের খামারের নাম টুঙ্গিপাড়া উপজেলায় পাঠিয়েছি। তাদের দেখে আমার ইউনিয়নের অনেকেই ২/৩ টি গরু পালন করছেন।
টুঙ্গিপাড়া উপজেলার গণমাধ্যম কর্মী শফিক শিমুল বলেন, শ্রম ও মেধাকে যুগলবন্দী করে নাজিম অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাকে অনুসরণ করে তরুণ বা উদ্যোক্তরা কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি করে সাবলম্বী হতে পারেন।
টুঙ্গিপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ বিশ্বাস বলেন, কোরবানীকে সামনে রেখে এ বছর এ উপজেলার ১ হাজার ৩৮ জন খামারী ৪ হাজার ২৩৯ পশু প্রস্তুত করেছে। এ উপজেলায় কোরবানীতে ৪ হাজার ১২২ পশুর চাহিদা রয়েছে। উদ্বৃত্ত রয়েছে ১১৭টি পশু। এসব পশু বাজারজাত করতে আমরা খামারীদের পরামর্শ দিচ্ছি।
ওই কর্মকর্তা আরো বলেন, খামারীকে আমরা প্রশিক্ষণ, পরামর্শ , পশু চিকিৎসা, ভ্যাকসিন ও কৃমি নাশক দিয়ে থাকি। এছাড়া খামার তদারকি করি। স্টেরয়েড বা অপদ্রব্য পুশ থেকে খামারীদের নিরুৎসাহিত করি। আমরা সরাসরি ঋণ কার্যক্রম পরিচালনা করি না। কিন্তু কোন খামারীর ঋণের প্রয়োজন হলে, সুপারিশ করি থাকি।
গোপালগঞ্জ জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার বলেন, গরু মোটা-তাজা করণ লাভ জনক কাজ । স্বল্প পুঁজিতে, বিদেশের তুলনায় কম পরিশ্রমে এটি করা যায়। সৌদিআরব থেকে দেশে ফিরে নাজিম মুন্সি গ্রামের বাড়িতে গরুর খামার করে, এটি প্রমান করেছেন। আমি ওই খামার পরিদর্শন করেছি। ৪/৫টি দিয়ে শুরু করলেও প্রতি বছর তার খামারে গরু বাড়ছেই । তাকে গরু পালনের পরামর্শ , একাধিক প্রশিক্ষণ ও তার খামারের গরুর চিকিৎসা দিয়েছি। এছাড়া তদারকি ও কারিগরি সহযোগিতা করা হচ্ছে। তিনি একজন সফল ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনকারী খামরি। প্রতি বছরই তিনি খামারের গরু বিক্রি করে লাভ করছেন । এ ধরণের খামারিকে আমরা খুঁজে বের করে সব সময় অনুপ্রেরণা দিয়ে আসছি। উৎসাহ দিয়ে থাকি। নাজিমের খামার বড় করার জন্য আমাদের দপ্তর থেকে সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে । তিনি বলেন, তাকে অনুসরণ করে নতুন প্রজন্ম লাভজনক এ পেশায় যুক্ত হলে, প্রাণি সম্পদ বৃদ্ধি পাবে, দেশ প্রাণি সম্পদে সমৃদ্ধ হবে ।
