গোপালগঞ্জের কোটালীপাড়ায় আজ বুধবার(১৩মে) থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। মেলাটি কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈতৃক ভিটায় অনুষ্ঠিত হচ্ছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন যৌথ ভাবে এ মেলার আয়োজন করেছে।
সাংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা ও বেলুন উড়িয়ে এবং মোমবাতি প্রজ্জ্বলন করে মেলাটি উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান,কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মূলপ্রবন্ধ পাঠ করেন কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের প্রভাষক প্রিন্স আহম্মেদ।
প্রধান অতিথি এডভোকেট নিতাই রায় চৌধুরী তার বক্তব্যে বলেন, কবি সুকান্ত শোষিত মানুষদের পক্ষ ও বৈষম্যের বিরুদ্ধে কবিতা লিখেছেন। তার প্রতিটি কবিতায় ছিলো প্রতিবাদের সুর।বর্তমান সরকার তার চেতণাকে আগামী প্রযন্মের মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে।
এ দিকে সন্ধ্যায় মেলার উদ্বোধন করা হলেও দুপুর থেকেই মেলার অনুষ্ঠনিকতা শুরু হয়। শুরুতেই
বিভিন্ন কবিদের আবৃত্তি, শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার পর শুরু হয় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ছাড়াও বসেছে গ্রামীণ মেলা। এ মেলার আয়োজনকে ঘিরে কোটালীপাড়া ও এর আশপাশের এলাকায় বইছে উৎসবের আমেজ।
আগামী শুক্রবার এ মেলা শেষ হবে। শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
উল্লেখ্য, কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন এবং ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মারা যান।
