গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে ভর্তি রোগীকে কুপিয়ে মারাত্মক আহত করার অভিযোগ প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে রাসেল বিশ্বাস (২৫) নামে যুবককে মারধর করে প্রতিপক্ষ।তাকে কোটালীপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তির পর দ্বিতীয় দফায় কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন।গুরুতর আহত রাসেল বিশ্বাস উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।
আজ শুক্রবার(২৭ মার্চ)সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এ ঘটনা ঘটে এরআগে তাকে গতকাল বৃহস্পতিবার উপজেলার বর্ষাপাড়া গ্রামের বাড়ি থেকে মারপিট করে আহত করা হয়।
জানাগেছে, বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের সাথে তারই আপন ভাই পান্না বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেল বিশ্বাসকে মারধর করে।
আজ শুক্রবার সকালে রাসেল বিশ্বাসকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হলে পান্না বিশ্বাসের লোকজন সেখানে গিয়ে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে।
রাসেল বিশ্বাসের ভাই রবিউল বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে আমার চাচা পান্না বিশ্বাসের সাথে বিরোধ চলে আসছিল। এরই সূত্রধরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন আমার ভাইকে মারধর করে। তাকে হাসপাতালে নিয়ে নিয়ে গেলে সেখানে শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস আমার ভাই রাসেলকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে জানার জন্য পান্না বিশ্বাসের যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
কোটালীপাড়া থানার এস,আই সুব্রত মালো বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে আমরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ছুটে গিয়েছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগন ব্যবস্থা গ্রহণ করা হবে।
