Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জের বিলে শাপলা তুলে জীবিকা, বছরে কোটি টাকার বাণিজ্য

গোপালগঞ্জের বিলে শাপলা তুলে জীবিকা, বছরে কোটি টাকার বাণিজ্য

০
গোপালগঞ্জের বিলে শাপলা তুলে জীবিকা, বছরে কোটি টাকার বাণিজ্য

বর্ষা এলেই গোপালগঞ্জের বিস্তীর্ণ খাল-বিল সেজে ওঠে সাদা শাপলার অপরূপ সৌন্দর্যে। তবে এই সৌন্দর্য শুধু প্রকৃতির শোভাই বাড়ায় না, বরং জেলার কয়েক হাজার কৃষক ও শ্রমিকের জীবিকারও প্রধান অবলম্বন হয়ে ওঠে। বর্ষা মৌসুমে বিল থেকে শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রি করে তারা সংসারের খরচ চালান। প্রতিবছর গোপালগঞ্জের বিভিন্ন বিল থেকে সংগৃহীত শাপলা বিক্রি করে কোটি টাকারও বেশি অর্থের বাণিজ্য হয় বলে সংশ্লিষ্টদের দাবি।

গোপালগঞ্জ জেলার সিংগা বিল, চান্দা বিল, মোল্লার বিলসহ শতাধিক খাল-বিল ও নিম্নাঞ্চল বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায়। বোরো ধান কাটার পর এসব জমিতে পানি জমতে শুরু করলে স্বাভাবিকভাবেই জন্ম নেয় অসংখ্য শাপলা। সাদা ফুল ও সবুজ পাতায় ঢাকা বিলগুলো তখন একদিকে যেমন মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করে, অন্যদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জনপ্রিয় সবজির চাহিদাও পূরণ করে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষাকালে কৃষিকাজ প্রায় বন্ধ থাকায় অনেক কৃষক ও দিনমজুর ভোর থেকেই নৌকা নিয়ে বিলে নামেন। ঘণ্টার পর ঘণ্টা পানিতে নেমে শাপলা সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করেন। মৌসুমের শুরুতে একজন শ্রমিক প্রতিদিন ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন। তবে মৌসুমের মাঝামাঝি সময়ে উৎপাদন বেড়ে যাওয়ায় দাম কিছুটা কমে আসে।

জেলার মুকসুদপুরের চান্দার বিলে শাপলা সংগ্রহকারী শ্রমিক ব্রজেন বিশ্বস জানান, বোরো মৌসুমে জমিতে কাজ করার পর বর্ষাকালে শাপলা সংগ্রহই তাদের আয়ের প্রধান উৎস। এই আয় দিয়ে পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো সম্ভব হয়।

স্থানীয় ফড়িয়া ব্যবসায়ী রহসান মোল্লা জানান, বিল থেকে শ্রমিকদের কাছ থেকে শাপলা কিনে তারা গোপালগঞ্জের বিভিন্ন বাজারের পাশাপাশি বাগেরহাট, খুলনা, নড়াইল ও যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করেন। বর্ষা মৌসুম জুড়ে প্রতিদিন বিপুল পরিমাণ শাপলা এসব এলাকায় পাঠানো হয়।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, শাপলা শুধু সুস্বাদু সবজিই নয়, এতে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ উপাদান ও ভিটামিন, যা মানবদেহের জন্য উপকারী। একই সঙ্গে এটি বর্ষাকালে গ্রামীণ মানুষের বিকল্প আয়ের গুরুত্বপূর্ণ উৎস হিসেবেও ভূমিকা রাখছে।

বর্ষা মৌসুমে যখন কৃষিকাজে কর্মসংস্থান কমে যায়, তখন গোপালগঞ্জের হাজার হাজার কৃষক ও শ্রমিকের মুখে হাসি ফোটায় বিলের শাপলা।প্রকৃতির এই দান একদিকে যেমন মানুষের খাদ্য তালিকাকে সমৃদ্ধ করছে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here