গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়। বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজার ব্রিজ সংলগ্ন দলিল উদ্দিনের বাড়ির মূল ফটকের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, মুকসুদপুর উপজেলার আকদিয়া গ্রামের লাল মিয়া শেখের ছেলে হাসমত আলী শেখ (৭৯) এবং
ব্রাক্ষনবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা গ্রামের শাহিন মিয়ার ছেলে মাহবুবুর রহমান (২৫)।
র্যাব-৬-এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প), গোপালগঞ্জের একটি আভিযানিক দল মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, অভিযানের সময় গ্রেপ্তার দুজনের নিকট থেকে ১৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্ধার করা গাঁজা ও নোহা মাইক্রোবাসসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল্লাহ আল মাসউদ জানান, র্যাবের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৪ কেজী গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মুকসুদপুর থানা ও র্যাব-৬-এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প), গোপালগঞ্জের একটি আভিযানিক দল মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ১৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক তরা হয়েছে এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করে জব্দ করা হয়েছে। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
