Home গোপালগঞ্জ সংবাদ কবি সুকান্তের আদর্শে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান-সাংসদ এস এম জিলানী

কবি সুকান্তের আদর্শে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান-সাংসদ এস এম জিলানী

কবি সুকান্তের আদর্শে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান-সাংসদ এস এম জিলানী

সমাজের বৈষম্য, ক্ষুধা ও বঞ্চনার বিরুদ্ধে কবিতার ভাষায় প্রতিবাদ গড়ে তোলা কবি সুকান্ত ভট্টাচার্যের মানবিক আদর্শ অনুসরণ করে মাদকমুক্ত সমাজ বিনির্মাণের আহ্বান জানিয়েছেন  গোপালগঞ্জ -৩ আসনের সাংসদ  এস এম জিলানী।

রোববার (৩ মে) কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সুকান্ত মেলার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এস এম জিলানী বলেন, সুকান্তের কবিতায় গরিব-ধনীর বৈষম্য, ক্ষুধার্ত মানুষের আর্তনাদ এবং একটি ন্যায়ভিত্তিক মানবিক সমাজ গড়ার স্বপ্ন স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। নতুন প্রজন্মের কাছে সেই আদর্শ পৌঁছে দিতে সাংস্কৃতিক চর্চার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়টি জোরদার করা প্রয়োজন। 

বর্তমান সময়ে মাদকের বিস্তারকে উদ্বেগজনক উল্লেখ করে সাংসদ জিলানী এর বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, স্থানীয় শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক দিলীপ কুমার ভাবুক এবং সাংবাদিক মিজানুর রহমান বুলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

সভায় জানানো হয়, কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শকে সামনে রেখে তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করা হবে।

উল্লেখ্য, ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন কবি সুকান্ত ভট্টাচার্য। তাঁর পৈত্রিক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে। ১৯৪৭ সালের ১৩ মে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন।

প্রতি বছর কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পৈত্রিক ভিটায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। এ ধারাবাহিকতায় চলতি বছরও একই আয়োজন অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here