গোপালগঞ্জের কাশিয়ানীতে স্ত্রী হত্যার অভিযোগে অভিযুক্ত আল আমিন ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) রাতে ফরিদপুরের কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাশিয়ানী থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ জুলাই কাশিয়ানী উপজেলার ধানকোড়া গ্রামে বর্না খানম তার স্বামী আল আমিন ব্যাপারী ও তিন সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন।
পরে ৬ জুলাই পরিকল্পিতভাবে শ্বশুর বাড়ির পেছনে নিয়ে গিয়ে তাকে হত্যা করে মরদেহ পুকুরপাড়ে ফেলে রেখে পালিয়ে যান স্বামী। পালানোর সময় নিহতের ছেলে ঘটনা দেখতে পেয়ে চিৎকার দিলে বাড়ির লোকজন এসে বর্না বেগমের মরদেহ পুকুর পাড়ে দেখতে পায়।
পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।এঘটনায় কাশিয়ানী থানায় হত্যা মামলা দায়ের করা হলে ঘটনার ১২ ঘন্টার মধ্যে পুলিশ আল আমিন ব্যাপারীকে আটক করে।
আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
