দুই ছাগল বদলে দিল জীবন, নতুনঘর তুলছেন গোপালগঞ্জের রিংকু বৈদ্য

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

অভাব-অনটন ছিল নিত্যসঙ্গী। স্বামীর সামান্য আয়ে চার সদস্যের সংসারে নুন আনতে পান্তা ফুরাত। জরাজীর্ণ ঘরে বসবাস, ছেলের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম-সব মিলিয়ে চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটছিল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ি গ্রামের গৃহবধূ রিংকু বৈদ্যের (৩২) পরিবারের।

কিন্তু সরকারি অনুদানে পাওয়া মাত্র দুটি ছাগলই বদলে দিয়েছে সেই পরিবারের ভাগ্য। দুই ছাগল থেকে এখন হয়েছে ১৩টি ছাগল। এর মধ্যে কোরবানির ঈদে আটটি ছাগল বিক্রি করে ৫০ হাজার টাকা আয় করেছেন রিংকু। সেই টাকা দিয়ে তিনি নির্মাণ করছেন নতুন বসতঘর।ধীরে ধীরে অভাব কাটিয়ে স্বচ্ছলতার পথে হাঁটছে পরিবারটি।

রিংকু বৈদ্যের স্বামী অমল বৈদ্য পেশায় জেলে। মাছ ধরে সংসার চালালেও সামান্য আয় দিয়ে স্ত্রী, এক ছেলে ও বৃদ্ধা মাকে নিয়ে চার সদস্যের পরিবার পরিচালনা করা ছিল অত্যন্ত কষ্টকর। তাদের একমাত্র ছেলে রাজ বৈদ্য অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে।

রিংকু বৈদ্য বলেন, “বিয়ের পর থেকেই স্বামীর সংসারে অভাব-অনটন ছিল।স্বামী মাছ ধরে যা আয় করতেন, তা দিয়ে সংসার চলত না। আমিও দিনমজুরের কাজ করেছি। কিন্তু কোনোভাবেই দারিদ্র্য দূর করতে পারিনি। গত বছরের জুলাই মাসে মৎস্য অফিস থেকে দুটি উন্নত জাতের ছাগল পাই। যত্ন করে পালন করার ফলে ২২ মাসে দুইটি ছাগল থেকে ১৩টি হয়েছে। আটটি বিক্রি করে নতুন ঘর তুলছি। এখন আগের চেয়ে অনেক ভালো আছি।”

তিনি আরও বলেন, বর্তমানে তার খামারে পাঁচটি ছাগল রয়েছে। এগুলো আরও কয়েক বছর পালন করলে বড় আকারের খামার গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি।

রিকু বৈদ্যের স্বামী অমল বৈদ্য জানান, “ছাগলের জাত খুব ভালো। মাত্র পাঁচ-ছয় মাসেই একটি ছাগলের ওজন ছয় থেকে আট কেজি হয়ে যায়। সহজেই বিক্রি করা যায়। ছাগল পালনের কারণে প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রেখেছি। এ সময় দিনমজুরি ও ছাগলের পরিচর্যা করে সংসার চালাই।”

তিনি বলেন, “আমার মতো এলাকার অনেক জেলেই এখন প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকছেন। এতে খাল-বিল ও জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বেড়েছে। মাছ ধরার মৌসুমে এখন আগের চেয়ে বেশি মাছ পাওয়া যাচ্ছে।”

প্রতিবেশী পরিমল হালদার ও দুলাল হালদার বলেন, “একসময় অমলের পরিবারে চরম অভাব ছিল। ছাগল পালন শুরু করার পর তাদের অবস্থার দ্রুত পরিবর্তন হচ্ছে। রিংকু খুব পরিশ্রমী। সংসারের কাজের পাশাপাশি ছাগল পালন ও দিনমজুরির কাজ করেন। সরকারি সহায়তা অব্যাহত থাকলে পরিবারটি আরও স্বচ্ছল হবে।”

একই গ্রামের শ্যামল কুমার রায় বলেন, “সরকারের দেওয়া গরু-ছাগল পালন করে অনেক দরিদ্র পরিবার বাড়তি আয়ের সুযোগ পেয়েছে। অনেক পরিবার এখন দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পেয়েছে।”

দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, দেশীয় মাছের প্রজনন মৌসুমে জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখতে বিকল্প আয়ের ব্যবস্থা হিসেবে গোপালগঞ্জ জেলার ৮০০ দরিদ্র জেলে পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, “ছাগল পালন করে পরিবারগুলো বাড়তি আয়ের সুযোগ পেয়েছে। ফলে তারা মাছ ধরা বন্ধ রেখেছে। এতে খাল-বিল ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।”

দুটি ছাগল যে একটি পরিবারের ভাগ্য বদলে দিতে পারে, রিংকু বৈদ্যের গল্প তারই জীবন্ত প্রমাণ। একই সঙ্গে এটি প্রমাণ করেছে, সঠিক পরিকল্পনা ও সরকারি সহায়তা পেলে দরিদ্র পরিবারগুলোও ঘুরে দাঁড়াতে পারে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর