সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ডুবে যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মাঠ এবং শ্রেণিকক্ষ। পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না থাকায় গত কয়েক দিনের টানা বৃষ্টিতে এবারও হাঁটুসমান পানি জমে শিক্ষা কার্যক্রম পুরোপুরি ব্যাহত হয়েছে। ফলে গত চার দিন ধরে বন্ধ রয়েছে পাঠদান। এতে দুর্ভোগে পড়েছে প্রতিষ্ঠানের ৩৬০ জন শিক্ষার্থী। একই সঙ্গে আবাসিক এতিম ও শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিও বেড়েছে।
মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের বর্নি জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা ও এতিমখানার একতলা ভবনে ৩৬০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। এর মধ্যে নূরানী বিভাগে রয়েছে প্রায় ২০০ জন শিশু শিক্ষার্থী। এছাড়া দিনাজপুর, বরিশাল, বাগেরহাট, নোয়াখালী ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৩০ জন শিক্ষার্থী আবাসিক হিসেবে এখানে অবস্থান করছে।

প্রতিবছর বর্ষা মৌসুমে কয়েক দিনের বৃষ্টিতেই মাদ্রাসার মাঠ ও শ্রেণিকক্ষে পানি জমে যায়। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় শ্রেণিকক্ষ, মাঠ ও আবাসিক কক্ষ ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। আর্থিক সংকটের কারণে কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। ফলে প্রতি বছরই শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
নূরানী বিভাগের শিক্ষক মুফতি সাইফুল ইসলাম বলেন, “সামান্য বৃষ্টিতেই নূরানী বিভাগের শ্রেণিকক্ষ সবার আগে তলিয়ে যায়। এতে শিক্ষার্থীদের বই-খাতা, বিছানাসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী ভিজে নষ্ট হয়। আর্থিক সীমাবদ্ধতার কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। আমরা সরকারের কাছে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছি।”
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা ইসলাম জানায়, “গত বছরের মতো এবারও আমাদের শ্রেণিকক্ষ ও মাঠ পানিতে ডুবে গেছে। তাই ক্লাস করতে পারছি না, খেলাধুলাও বন্ধ হয়ে গেছে।”
মাদ্রাসার সহকারী মোহতামিম মাওলানা ইমদাদুল হক বলেন, “প্রতি বর্ষা মৌসুমেই জলাবদ্ধতার কারণে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়ে। সামান্য বৃষ্টিতেই শ্রেণিকক্ষ ও মাঠ পানিতে তলিয়ে যায়। এতে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রাখতে বাধ্য হই। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা অত্যন্ত জরুরি।”

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, “সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। মাদ্রাসা ও এতিমখানায় জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে শ্রেণিকক্ষ ও মাঠে আর পানি না জমে, সে জন্য স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দাদের দাবি, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাভাবিক শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হলে প্রতিবছরের এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা।
