র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে পালিত হয়েছে আর্ন্তজাতিক প্রবীণ দিবস।‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার(১ অক্টোবর)আর্ন্তজাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়।গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)শোভন সরকার,জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মুরাদ হোসেন অংশ নেন।আলোচনা সভা শেষে জেলার ষাটোর্ধ্ব চারজন প্রবীণের হাতে বয়স্ক ভাতার বই তুলে দেন অতিথিরা।
এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।