গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে. এম. বাবর বলেছেন, বিগত ১৭ বছর শিক্ষার যে পদ্ধতি ছিল তার এখন পরিবর্তন হচ্ছে। শিক্ষার মান উন্নয়নে শুধু একাডেমিক নয় সব দিকের উন্নয়ন দরকার। শিক্ষার্থীরা স্কুলে এসে পড়ালেখার পাশাপাশি খেলাধূলা, মানসিক বিকাশ, জ্ঞান অর্জন করতে পারবে তখনই বিকাশ ঘটবে। শিক্ষার্থীদের জ্ঞানের পূর্ণাঙ্গ বিকাশ ঘটলে সব দিক থেকে শিক্ষার মান উন্নয়ন হবে। এই শিক্ষার মান উন্নয়নের জন্য যা করার দরকার আমরা সব করবো।
আজ শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত জেলা শহরের ১০২নং বীনাপানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য আরো বলেন, গোপালগঞ্জের জন্য সব কিছু করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, গোপালগঞ্জকে আলাদা দৃষ্টিতে দেখা হবে না। অন্যান্য জেলার মত একই উন্নয়ন করা হবে। আশা করি গোপালগঞ্জবাসী কোন কিছু থেকেই বঞ্চিত হবে না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানাগেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪ এর আওতায় ৯৩নং বেদগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩২নং হরিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ এবং ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গোপীনাথপুর–ঘাঘাধলইতলা সড়ক এবং রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট-এর আওতায় চন্দ্রদিঘলিয়া আরএইচডি–বড়দিয়া জিসি–মধুমতি বাজার সড়কসহ ৫টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ ৫টি প্রকল্পে ব্যায় ধরা হয়েছে ৪৫ কোটি ৭০ লক্ষ টাকা।
এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিরার্হী প্রকৌলশী মো: এহসানুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, জেলা বিএনপির সদস্য জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন সহ শিক্ষক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
