গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালক শহিদুলের মরদেহ উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ।
বুধবার ( ১০ জুন) বিকালে পার্শ্ববতী রাজৈর উপজেলার পান্থাপাড়া এলাকার একটি রাস্তার পাশে ঝোপ-ঝাড়ের ভিতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। শহিদুল কমলাপুর গ্রামের মৃত আব্দুল ছালাম মাতুব্বরের ছেলে।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ঘটনায় হত্যার সাথে জড়িত কমলাপুর গ্রামের আবু শেখের ছেলে নুর হোসেন এবং কাশেম শেখের ছেলে পলাশ শেখকে গ্রেপ্তার করেছে মুকসুদপুর থানা পুলিশ।
মুকসুদপুর থানা সুত্রে জানাযায়, থানায় নিখোঁজ ডাইরি হওয়ার পরে দুইজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেয়া তথ্যমতে মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত শহিদুল মাতুব্বরের ভাই শাহিদুল মাতুব্বর জানান, ৬ জুন শনিবার সকালে আমার ভাই ইজিবাইক চালানোর উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরদিন ৭ জুন মুকসুদপুর থানায় একটা জিডি করি। পরে আমরা খবর পাই নুর হোসেন ও পলাশ আমার ভাইকে নিয়ে গেছে। আমার ভাইয়ের ইজিবাইক ছিনতাই করে আমার ভাইকে মেরে ফেলেছে।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
