গোপালগঞ্জে শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের সমন্ধিত উপবৃত্তি বঞ্চিত ২৬৭ শিক্ষার্থী

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের ২৬৭ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি কর্মসূচি থেকে বাদ পড়েছে। অভিযোগ উঠেছে, সময়মতো প্রয়োজনীয় নিবন্ধন ও তথ্য এন্ট্রি না হওয়ায় এসব শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণি থেকেই উপবৃত্তির আওতায় আসতে পারেনি। ফলে তারা মাধ্যমিক শিক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রায় ৪২ লাখ ৭২ হাজার টাকা শিক্ষা সহায়তা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিল্টন তালুকদারের অবহেলাকে দায়ী করছেন অভিভাবকরা। একই সঙ্গে বিদ্যালয়ে বিভিন্ন ফি বৃদ্ধি পাওয়ায় দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া ১৪৬ জন এবং ২০২৬ সালে ভর্তি হওয়া আরও ১২১ জন শিক্ষার্থীর উপবৃত্তির জন্য প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন হয়নি। ফলে মোট ২৬৭ জন শিক্ষার্থী উপবৃত্তির তালিকার বাইরে থেকে যায়। নিয়ম অনুযায়ী ষষ্ঠ শ্রেণিতে একবার নিবন্ধনের সুযোগ থাকে। নির্ধারিত সময়ে সেই সুযোগ হাতছাড়া হলে পরবর্তী সময়ে নতুন করে আবেদন করার সুযোগ থাকে না। ফলে এসব শিক্ষার্থী মাধ্যমিকের পুরো সময় উপবৃত্তি এবং এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় শিক্ষা সহায়তা ট্রাস্টের আর্থিক অনুদান থেকেও বঞ্চিত হবে।

গোপালপুর একটি নিম্নাঞ্চল ও বিলবেষ্টিত গ্রাম। এলাকার অধিকাংশ মানুষ দিনমজুরি, কৃষিকাজ, মাছ ধরা কিংবা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সীমিত আয়ের মধ্যেও তারা সন্তানদের বিদ্যালয়ে পাঠানোর চেষ্টা করেন।অভিভাবকদের ভাষ্য, উপবৃত্তির অর্থ তাদের সন্তানদের লেখাপড়ার ব্যয় বহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। সেই সুযোগ হারিয়ে অনেক পরিবার নতুন করে আর্থিক সংকটে পড়েছে।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী শ্যামল ব্যাপারীর বাবা শান্তি ব্যাপারী অভিযোগ করে বলেন, দুই বছরে ভর্তি হওয়া ২৬৭ জন শিক্ষার্থী উপবৃত্তির বাইরে চলে গেছে। এতে প্রতিটি শিক্ষার্থী প্রায় ১৬ হাজার টাকার শিক্ষা সহায়তা হারাবে। তিনি দাবি করেন, বিদ্যালয়ের প্রশাসনিক অব্যবস্থাপনা ও দায়িত্বে গাফিলতির কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ে মাসিক টিউশন ফিসহ বিভিন্ন খাতে ব্যয় বাড়ানো হয়েছে, যা দরিদ্র পরিবারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

নবম শ্রেণির শিক্ষার্থী অর্পিতা মহলীর বাবা অধীর মহলী বলেন, দুই বছর আগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলার ঘাটতি দেখা দিয়েছে। তার অভিযোগ, প্রশাসনিক দুর্বলতা ও নানা অনিয়মের কারণে শিক্ষার্থীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

একই ধরনের অভিযোগ করেছেন শিক্ষার্থীরাও। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী দেবরাজ মহলীর মা ঝর্না মহলী বলেন, প্রয়োজনীয় সব কাগজপত্র বিদ্যালয়ে জমা দেওয়ার পরও তার সন্তান উপবৃত্তির তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। সপ্তম শ্রেণির শিক্ষার্থী স্বপন তালুকদার জানায়, গত বছর ভর্তি হলেও এখন পর্যন্ত কোনো উপবৃত্তি পায়নি। অন্যদিকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী পর্শি তালুকদার জানায়, তার বাবা ভ্যান চালিয়ে সংসার চালান। উপবৃত্তির অর্থ পেলে পড়াশোনার খরচ কিছুটা সহজ হতো। কিন্তু এখন উপবৃত্তি না পাওয়ার পাশাপাশি বিভিন্ন ফি বৃদ্ধিতে পরিবার আরও চাপে পড়েছে।

অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিল্টন তালুকদার বলেন, বিদ্যালয়টি দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায় হওয়ায় শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, গত বছর সার্ভার জনিত সমস্যাসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীরা উপবৃত্তি পায়নি।এ বছরও সময়মতো নিবন্ধন সম্পন্ন করা সম্ভব হয়নি। পরে শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে নিবন্ধন সম্পন্ন করা হয়েছে এবং বিষয়টি পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে। তবে বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তিনি অস্বীকার করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার বলেন, উপবৃত্তির জন্য জানুয়ারি থেকেই বিদ্যালয় গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল। একাধিকবার ফোনে যোগাযোগ করেও সংশ্লিষ্ট বিদ্যালয়ের তথ্য নির্ধারিত সময়ের মধ্যে আপলোড করা হয়নি। তিনি জানান, উপবৃত্তি কার্যক্রম সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়ায় নির্ধারিত সময় পার হয়ে গেলে নতুন করে শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার সুযোগ থাকে না। বোর্ডের নিবন্ধন সম্পন্ন না হওয়ার বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষজনক কোনো ব্যাখ্যাও দিতে পারেননি বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম বলেন, বিদ্যালয়কে ঘিরে ওঠা অভিযোগ সম্পর্কে প্রশাসন অবগত রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগও খতিয়ে দেখা হবে এবং যৌক্তিক পর্যায়ে ফি নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। চলতি বছরের উপবৃত্তির সময়সীমা শেষ হয়ে যাওয়ায় এবার আর শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। তবে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি জেলা পরিষদের মাধ্যমে আর্থিক সহায়তার সুযোগ থাকলে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহযোগিতার বিষয়টিও বিবেচনা করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর