গোপালগঞ্জে ৩ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করে কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
আজ মঙ্গলবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় শেখ ব্রিকস, মোল্লা ব্রিকস ও গাজী ব্রিকসকে জরিমানা ধার্য করে আদায় করা হয় ।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন ।
এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ অভিযানে গোপালগঞ্জ জেলা পুলিশ , আনসার বাহিনী ও ফায়ারসার্ভিস সহযোগিতা প্রদান করে ।

সহকারী পরিচালক মাহফুজুর রহমান জানান, গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ৩ টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি স্কেভেটর/পেলোডারের সাহায্যে ইটভাটার কিলন ভেঙ্গে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সেই সাথে ৯ লাখ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয় । জেলায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।
