১৫ আগষ্টকে সামনে রেখে গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম চালানো হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
অন্যদিকে, টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স-এর তিনটি গেট ও এর আশপাশ এলাকায় ব্যাপক পুলিশ, এপিবিএন ও সাদা পোষাকে আইন-শৃংখলা বাহিনী কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন।এছাড়া টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায়ও আইন-শৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
বেলা পৌনে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ-এর নেতৃত্বে পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএনসহ আইন-শৃংখলা বাহিনীর যৌথটহল বের করা হয়।টহলটি জেলা শহর হয়ে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ এলাকায় গিয়ে-আবার জেলা শহরে এসে শেষ করে।
পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জেলার আ্ইন-শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে বিজিবিসহ অন্যান্য আইনশৃংখলা বাহিনী মোতায়েনের কথা নিশ্চিত করে বলেন,আপনারা জানেন, গোপালগঞ্জ শান্তির জেলা।গত ১লা আগস্ট থেকে এ পর্যন্ত এখানে কোন ধরনের সহিংস ঘটনা ঘটেনি।আগামীকাল ও আশাকরি কিছু হবে না। তারপরও ১৫ আগস্ট জেলার সার্বিক আইনশৃংখলা যাতে কোন অবনতি না ঘটে তার জন্য বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনী সর্বদা সতর্ক থাকবে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান জানান,১৫ আগস্টে জেলার আইন-শৃংখলার যাতে কোন অবনতি না ঘটে তার জন্য ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। আজ থেকেই বিজিবি মোতায়েন হয়েছে। আগামীকাল আইন-শৃংখলা বাহিনীকে তারা সহায়তা করবে।
