“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।
আজ মঙ্গলবার (২৮ মার্চ ) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ও দায়রা জজ মোঃ সামসুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, বিশেষ অতিথি পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আরাফাত হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান, লিগ্যাল এইড অফিসার শফিকুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল খায়ের এবং পিপি অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক উপস্থিত ছিলেন ।
আলোচনা সভায় বক্তারা বলেন, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এ বিষয়ে সাধারণ মানুষকে আরও সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে আইনজীবী, বিচারক, পুলিশ প্রশাসনের সদস্য, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
