গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারী খালের ওপরে ইউনিয়ন পরিষদ নির্মিত একটি বাঁশের সাকো ও চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।এতে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে পুইশুর ইউনিয়নের সীতারামপুর গ্রামের অন্ততঃ ৩২টি পরিবারের ৩ শতাধিক মানুষ। ভুক্তভোগীরা এই সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপের দাবী জানিয়েছেন।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের সীতারামপুর গ্রাম। বিআরএস জরিপের ২৮১৩ নম্বর দাগের ওপর দিয়ে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে দীর্ঘ দিন আগে এই রাস্তাটি নির্মাণ করে দেয় ইউনিয়ন পরিষদ। কিন্তু গত ১৫ এপ্রিল হঠাৎ করেই রাস্তার মাটি কেটে এবং বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথটি বন্ধ করে দেওয়া হয়।আংশিক ভেঙ্গে দেয়া হয়েছে এই রাস্তার মাঝে সরকারী খালের ওপরে ইউনিয়ন পরিষদ নির্মিত বাঁশের সাকো।ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় স্বপন শরীফ এবং রমজান শরীফ সহ কয়েকজন মিলে জনস্বার্থে ব্যবহৃত এই পথটি রুদ্ধ করে দিয়েছেন।এতে ৩২টি পরিবারের প্রায় ৩শ’ মানুষ এখন নিজ বাড়িতেই অবরুদ্ধ হয়ে পড়েছেন।
অভিযুক্তদের দাবি, এই জমির মালিকানা তাদের। ইতোপূর্বে এই জায়গায় ইউনিয়ন পরিষদ কাজ করার কথাটি স্বীকার করলেও বর্তমানে চলাচলের রাস্তা দিতে রাজি নন তারা।
ঘটনার পর স্থানীয় রামদিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার সরেজমিনে পরিদর্শন করে মেম্বারদের বিষয়টি মীমাংসার দায়িত্ব দিলেও তাতে কর্ণপাত করেনি অভিযুক্তরা।
কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য পিল্টন শিকদার জানান, তিনি বিষয়টি মিমাংশার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
মানুষের চলাচলের অধিকার নিশ্চিত করতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী গ্রামবাসীর।
